
বাংলাদেশে উচ্চশিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল রোববার রাজধানীতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। খবর ইউএনবির।
রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশে বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে শতাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রও প্রসারিত হয়েছে। কিন্তু শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’
রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে উচ্চশিক্ষা শুধু পুথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষার্থীদের শুধু পাঠদান করবেন না, জ্ঞানের নতুন নতুন দিগন্ত উন্মোচন করবেন।’
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এবারের সমাবর্তনে মোট ৪১৬ জনকে সনদ দেওয়া হয়। এঁদের মধ্যে ভালো ফলাফলের জন্য নয়জন গোল্ড মেডেল পেয়েছেন।