রাজধানীতে এক কর্মশালায় অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বলেছেন, দেশের উচ্চশিক্ষায় অনেক অগ্রগতি হয়েছে। তবে উচ্চশিক্ষার মান আরও বাড়াতে হবে। আর এই মানকে বিশ্বমানের পর্যায়ে নিতে হবে। কর্মশালায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সরকারি কর্মকর্তারা মন্ত্রীদের সুরেই কথা বলেছেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের সাফল্য ও অর্জন নিয়ে গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, শিক্ষা খাতের বিনিয়োগই সঠিক। কারণ, যে সাফল্যই অর্থনৈতিক ক্ষেত্রে অর্জিত হোক না কেন, সেটা জনশক্তিতে বিনিয়োগ ছাড়া সম্ভব নয়। জনশক্তিই মূল সম্পদ। শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য শেখা, শেখানো ও গবেষণা খুবই গুরুত্বপূর্ণ।
দেশে বিশ্ববিদ্যালয় আছে ১২১টি। আয়োজকেরা জানিয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও গবেষকসহ নানা পর্যায়ের প্রায় এক হাজার কর্মকর্তার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। ইউজিসির একজন কর্মকর্তা বলেছেন, এই কর্মশালার জন্য প্রায় ৭০ লাখ টাকার বাজেট ধরা হয়েছে। তবে উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) পরিচালক গৌরাঙ্গ চন্দ্র মোহান্ত বরাদ্দের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে চাননি।
কর্মশালায় সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, গত কয়েক বছরে শিক্ষায় যুগান্তকারী সাফল্য এসেছে। আগামী ছয়-সাত বছরে দেশের উচ্চশিক্ষায় লৈঙ্গিক সমতা অর্জিত হবে। তিনি বলেন, আজ যাঁরা উচ্চশিক্ষায় অধ্যয়নরত, তাঁরা সামনের সারিতে আছেন। তাঁরা যাতে সামনের সারিতে থেকেই নেতৃত্ব দিতে পারেন, সেভাবেই তাঁদের গড়ে তুলতে হবে। শিক্ষার মান আরও উন্নত করতে হবে, যা হতে হবে বিশ্বমানের।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে কারিগরি অধিবেশনে এই প্রকল্পের অধীন নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০টি উপপ্রকল্পের সাফল্য নিয়ে আলোচনা করা হয়। কারিগরি অধিবেশনে আলোচকেরা বলেন, এই প্রকল্পের পর থেকে শিখন, শেখানো ও গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গবেষণাগারসহ শ্রেণিকক্ষগুলোও উন্নত হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এ এস মাহমুদ, হেকেপের পরিচালক গৌরাঙ্গ চন্দ্র মোহান্ত, বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি পরিচালক ক্রিস্টিন কিমস প্রমুখ।