উচ্চশিক্ষার মান বাড়ানোর তাগিদ
রাজধানীতে এক কর্মশালায় মন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের বক্তারা বলেছেন, দেশের উচ্চশিক্ষায় অনেক অগ্রগতি হয়েছে। তবে শিক্ষার মান আরও বাড়াতে হবে এবং ওই মানকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীন উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্পের উদ্যোগে আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশের শিক্ষায় সংখ্যাগত উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে গুণগত মানোন্নয়নের ওপর জোর দেন। তিনি বলেন, ইতিমধ্যে শিক্ষার মানোন্নয়নের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, গত কয়েক বছরে শিক্ষায় যুগান্তকারী সাফল্য এসেছে। প্রাথমিকে প্রায় ৯৯ শতাংশ শিশু ভর্তি হচ্ছে। তবে ঝরে পড়াটা চ্যালেঞ্জ। তিনি বলেন, আগামী ছয়-সাত বছরে দেশের উচ্চশিক্ষায় লৈঙ্গিক সমতা অর্জন হবে। তিনি বলেন, আজ যাঁরা উচ্চশিক্ষায় অধ্যয়নরত, তাঁরা সামনের সারিতে আছেন। তাঁরা যাতে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে পারেন, সেভাবেই গড়ে তুলতে হবে। শিক্ষার মান আরও উন্নত করতে হবে, যা হতে হবে বিশ্বমানের।
মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এ এস মাহমুদ, উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের পরিচালক গৌরাঙ্গ চন্দ্র মোহান্ত, বিশ্বব্যাংকের পরিচালন উপদেষ্টা ক্রিস্টিন কিমস প্রমুখ।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও গবেষকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কর্মশালায় যোগ দেন।