
উচ্চশিক্ষার সঙ্গে নিজেকে নৈতিক গুণ, দেশ ও জনগণের দায়বোধসম্পন্ন নাগরিক হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলান নাহিদ। গতকাল শনিবার সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় দেশকে অনেক দূর এগিয়ে নিতে হবে। এই এগিয়ে নেওয়ার দায়িত্ব শিক্ষিত প্রজন্মের। আপনারাই দেশকে অনেক দূর এগিয়ে নেবেন, জাতি সে প্রত্যাশায় আপনাদের দিকে তাকিয়ে আছে।’
নগরের মেন্দিবাগ এলাকার সিলেট ক্রীড়া কমপ্লেক্স মাঠে সকাল সাড়ে নয়টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় সমাবর্তন অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মনোনীত প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী সমাবর্তনে সভাপতিত্ব করেন। সমাবর্তন বক্তার বক্তব্য দেন আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তপোধীর ভট্টাচার্য। স্বাগত বক্তব্য দেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী ও উপাচার্য সালেহ উদ্দিন।
শিক্ষার সঙ্গে পরিবেশও গুরুত্বপূর্ণ উল্লেখ করে শিক্ষামন্ত্রী কাল থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষা, বিএনপিসহ ২০-দলীয় জোটের সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘দোহাই আপনাদের পরীক্ষার্থীদের বিপদের মুখে ঠেলে দেবেন না।’
২০০৩ সালে মাত্র ১৭ জন শিক্ষার্থী ও সাতজন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করেছিল মেট্রোপলিটন ইউনিভার্সিটি।
দ্বিতীয় সমাবর্তনে ৯৩৮ জন ছাত্র ও ৪৪৪ জন ছাত্রীকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে স্মিতা রায়, আজমিরা জান্নাত, দিলরুবা ইয়াসমিন, মোহাম্মদ আলী হাসান, সাজিদা আক্তার চৌধুরী ও মোহাম্মদ আবু বকর পান চ্যান্সেলর গোল্ড মেডেল অ্যাওয়ার্ড।