
লিমন হোসেন। ১৬ বছরের দরিদ্র কিশোর। র্যাবের গুলিতে পা হারিয়েছেন। বিচারের বদলে পেয়েছেন নিগ্রহ। তাও খোদ রাষ্ট্রের কাছে থেকে। কিন্তু দমে যাননি। অদম্য সেই লিমন এখন ১৯ বছরের তরুণ। ভর্তি হয়েছেন সাভারের গণবিশ্ববিদ্যালয়ে।
কিন্তু গত পৌনে তিন বছর ছিল লিমনের জন্য চরম যন্ত্রণার। র্যাবের দেওয়া ‘সন্ত্রাসী তকমা’র যন্ত্রণা। র্যাবের কথিত সোর্স স্থানীয় সন্ত্রাসীদের হুমকির যন্ত্রণা। পা কাটা এবং কাটা পা নিয়ে নিজেকে বয়ে বেড়ানোর যন্ত্রণা। মিথ্যা মামলা আর মাসে মাসে আদালতে হাজিরার যন্ত্রণা। পরিবারসহ গ্রামছাড়া হওয়ার যন্ত্রণা।
সেই দুঃসহ পরিস্থিতিকে পায়ে দলে এগিয়েছেন লিমন। হাসপাতালে থেকে পড়ালেখা করেছেন। ফিরেছেন শিক্ষাজীবনে। জিপিএ-৪ পেয়ে এইচএসসি পাস করেছেন। রাষ্ট্রযন্ত্রের নিষ্ঠুরতার শিকার এই তরুণ স্বপ্ন দেখতে থাকেন আইন বিষয়ে পড়াশোনা করার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন, সুযোগ পাননি। তবে আইন বিষয়েই তিনি সম্মান শ্রেণীতে ভর্তি হয়েছেন, গণবিশ্ববিদ্যালয়ে। উচ্চশিক্ষার সিঁড়িতে পা রেখেছেন পা হারানো লিমন। তাঁর এই পড়াশোনার দায়িত্ব নিয়েছে প্রথম আলো।
লিমন হোসেন গত রাতে প্রথম আলোকে বলেন, ‘নিজের জীবনের বিয়োগান্ত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আইন বিষয়ে পড়াশোনার সিদ্ধান্ত নিই। বঞ্চিত-নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে চাই আমি।’
২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম সাতুরিয়ায় নিজের বাড়ির পাশে গুলিবিদ্ধ হয়েছিলেন লিমন। এ কারণে ওই বছর তিনি আর এইচএসসি পরীক্ষা দিতে পারেননি। বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গেলে র্যাবের সদস্যরা তাঁকে ধরে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন বলে অভিযোগ ওঠে। ছোট্ট সেই কিশোরকে প্রথমে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাঁকে স্থানান্তর করা হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। জীবন বাঁচাতে সেখানে তাঁর বাম পা ঊরুর নিচ থেকে কেটে ফেলতে হয়।
ছোট্ট কিশোরটির জীবন থমকে গেল। কিন্তু র্যাব থামেনি। তারা লিমনসহ আটজনের নামে রাজাপুর থানায় দুটি মামলা করেছে। একটি অস্ত্র আইনে, অপরটি সরকারি কাজে বাধাদানের অভিযোগে।
এরপর ওই বছরের ৬ এপ্রিল প্রথম আলোয় ‘চরম নিষ্ঠুরতা’ শিরোনামে এ-সংক্রান্ত খবর ছাপা হয়। এগিয়ে আসে সব গণমাধ্যম। নাগরিক সমাজ ও সমাজের মানবিকবোধসম্পন্ন মানুষের মধ্যে প্রবল প্রতিক্রিয়া হয়। বিভিন্ন মহল থেকে ব্যাপক প্রতিবাদ ওঠে। তার পরও লিমনকে সন্ত্রাসী প্রমাণের চেষ্টা থামায়নি রাষ্ট্র। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে বললেন, লিমন সন্ত্রাসী বাহিনীর সঙ্গে জড়িত। তাঁর শ্রমজীবী বাবাও নাকি সন্ত্রাসী বাহিনীর সঙ্গে জড়িত। তারেক সিদ্দিকের এই বক্তব্যকে ‘সরকারের বক্তব্য’ বলে পরদিন জানিয়ে দেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (তৎকালীন) এইচ টি ইমাম ও তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এরপর র্যাব সংবাদ সম্মেলন করে বলে, শুধু লিমন ও তাঁর বাবা-ই নন, তাঁর মা ও কলেজপড়ুয়া বোনও সন্ত্রাসী।
রাষ্ট্রযন্ত্রের দেওয়া সব অপবাদ অসত্য প্রমাণ করে লিমন নতুন জীবনে ফিরেছেন। গণমাধ্যমের লেখালেখি ও সমালোচনার মুখে দেরিতে হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিমনের বিরুদ্ধে র্যাবের দায়ের করা মামলা দুটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাঁকে ইতিমধ্যে অস্ত্র মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলাটি তুলে নেওয়া হয়নি। ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিমের পদ শূন্য থাকায় মামলাটি আটকে আছে।
লিমনের ওপর নির্যাতনের বিচার চেয়ে তাঁর মা হেনোয়ারা বেগমের করা মামলাটি চূড়ান্ত প্রতিবেদন দিয়ে শেষ করেছে পুলিশ। এর বিরুদ্ধে লিমনের মা আদালতের শরণাপন্ন হয়েছেন, কিন্তু এখনো নিষ্পত্তি হয়নি। এই মামলা প্রত্যাহারের জন্য লিমন ও তাঁর পরিবারের ওপর চাপ রয়েছে। কিন্তু লিমন ন্যায়বিচার পাওয়ার সংকল্প থেকে পিছপা হননি।
লিমনকে আইনি সহায়তাদানকারী সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. নূর খান প্রথম আলোকে বলেন, লিমনের মতো তরুণের ন্যায়বিচার পাওয়ার সংগ্রাম আর নতুন জীবনের স্বপ্ন পথ দেখাবে নিপীড়িত মানুষকে।