উচ্চশিক্ষায় বিদেশ যেতে মানা শিক্ষিকার ওপর স্বামীর নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চশিক্ষার জন্য শিক্ষাবৃত্তি নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন শিক্ষিকা। কিন্তু তাতে বাদ সাধেন স্বামী মো. হাসান সাইদ। বিদেশ যাওয়ার সিদ্ধান্ত পাল্টাতে শুরু হয় নির্যাতন। দুটো চোখই গুরুতর জখম হওয়ায় পৃথিবীর আলো দেখার জন্য এখন হাসাপাতালে লড়ছেন বিশ্ববিদ্যালয়ের ওই সহকারী অধ্যাপক।এ ঘটনায় নির্যাতনের শিকার শিক্ষিকার বাবা ধানমন্ডি থানায় মো. হাসান সাইদের বিরুদ্ধে মামলা করেছেন। গত শুক্রবার মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান তাঁকে দেখতে ল্যাবএইড হাসপাতালে যান। যোগাযোগ করা হলে শিক্ষিকার পরিবারের কেউ কথা বলতে রাজি হননি। তবে মামলার এজাহার থেকে জানা যায়, ওই শিক্ষিকা ২০১০ সালের আগস্ট মাসে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য শিক্ষাবৃত্তি নিয়ে যান। গত ১০ মে তিনি দেশে ফেরেন। আগামী অক্টোবর মাসে কানাডা গিয়ে তাঁর গবেষণাপত্র (থিসিস পেপার) জমা দেওয়ার কথা। কিন্তু স্বামী হাসান সাইদ তাঁকে কানাডা না যাওয়ার জন্য চাপ সৃষ্টি করেন।এজাহারে নির্যাতনের বর্ণনা দিয়ে বলা হয়েছে, গত ৫ মে সাইদ, তাঁর স্ত্রী, মেয়ে ও গৃহকর্মী বাসায় ছিলেন। দুপুরের দিকে ওই শিক্ষিকা নিজ কক্ষে কম্পিউটারে কাজ করছিলেন। এ সময় সাইদ সে কক্ষে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে শুরু করেন নির্যাতন। শিক্ষিকার চিৎকার শুনে গৃহকর্মী চাবি দিয়ে বাইরে থেকে দরজা খোলেন। ততক্ষণে সাইদের মারধরে শিক্ষিকার শরীর, মেঝে ও বিছানার চাদর রক্তাক্ত হয়ে যায়। গৃহকর্মীর বরাত দিয়ে এজাহারে আরও বলা হয়, ওই শিক্ষিকার চোখ, মুখ, গাল থেকে প্রচুর রক্তপাত হচ্ছিল। সাইদ আঙুল ঢুকিয়ে তাঁর চোখ দুটি উপড়ে ফেলার চেষ্টা করছিলেন। একপর্যায়ে সাইদ পালিয়ে গেলে পাশের বাসার লোকজনের সহায়তায় ওই শিক্ষিকাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. মকবুল হোসেন প্রথম আলোকে জানান, হাসান সাইদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পাস করা একজন প্রকৌশলী। তিনি চাকরি করেননি। একসময় ব্যবসা শুরু করলেও তিনি এখন বেকার। একমাত্র মেয়েকে নিয়ে স্ত্রীসহ পরিবাগে শ্বশুরের বাসায় থাকতেন। সাইদের মা-বাবা দুজনই যুক্তরাষ্ট্রপ্রবাসী। সাইদ ঘটনার পর থেকে পলাতক বলে জানান তিনি।ওই শিক্ষিকার সর্বশেষ অবস্থা জানতে ল্যাবএইড হাসপাতালে যোগাযোগ করা হলে দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হননি। তাঁরা ওই শিক্ষিকার পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।