উচ্চশিক্ষায় বিপ্লব হতে যাচ্ছে তবে মানে ঘাটতি আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে উচ্চশিক্ষায় বিপ্লব হতে যাচ্ছে। তবে গুণগত মানের ক্ষেত্রে কিছু ঘাটতি রয়েছে।গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান এ কথা বলেন। উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) অন্যতম অংশ ‘শিক্ষা-সংক্রান্ত উদ্ভাবনী তহবিল বা এআইএফ অ্যাওয়ার্ড ঘোষণা (দ্বিতীয় পর্ব)’ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।দেশে উচ্চশিক্ষার বিষয়টি তত্ত্বাবধানকারী সর্বোচ্চ বিধিবদ্ধ সংস্থা ইউজিসির অধীনে পরিচালিত হচ্ছে হেকেপ প্রকল্প। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৬৮১ কোটি টাকা। এতে যৌথভাবে অর্থায়ন করছে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক।সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার সরকারি-বেসরকারি ২৮টি (২৬টি সরকারি ও দুটি বেসরকারি) বিশ্ববিদ্যালয়ের ১০৭টি গবেষণাভিত্তিক উপপ্রকল্পে ১৮৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এসব প্রকল্প নির্বাচন করা হয়েছে। এ জন্য প্রস্তাব জমা পড়েছিল ৫৩২টি। ২০১০ সালে প্রথম পর্বে মোট ২৭টি বিশ্ববিদ্যালয়ের ৯১টি উপপ্রকল্পে ১৮২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। সংবাদ সম্মেলনে এ কে আজাদ চৌধুরী দেশে উচ্চশিক্ষায় অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এখন উচ্চশিক্ষায় অধ্যয়নরত ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ২০ লাখ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইউজিসি চেয়ারম্যান জানান, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এর আলোকে ব্যবস্থা নেওয়া হবে।ইউজিসির সদস্য আতফুল হাই শিবলী বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ তদন্ত করা হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়-গুলোর মান নিয়ন্ত্রণে অ্যাক্রেডিটেশন কাউন্সিল হচ্ছে জানিয়ে তিনি বলেন, এটা হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়-গুলোর মান নিয়ন্ত্রণ করা যাবে।