উচ্চশিক্ষায় ভর্তি হওয়া হলো না পারভিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সংসারের অভাব ঘোচানোর স্বপ্ন ছিল কলেজছাত্রী রোকসানা পারভিনের (১৮)। কিন্তু তাঁর সেই স্বপ্ন পূরণ হলো না। গত মঙ্গলবার উচ্চশিক্ষায় ভর্তির কোচিং করতে যাওয়ার পথে চট্টগ্রামের হালিশহরের নয়াবাজার এলাকায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন তিনি। এ সময় আহত হয়েছেন তাঁর বড় ভাই ইব্রাহিম ফরহাদ।জানা গেছে, অভাবের সংসারে লেখাপড়ার খরচ কিছুতেই জোগাড় হচ্ছিল না পারভিনের। বাধ্য হয়ে এইচএসসি পাসের পর তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা শুরু করেন। বেতন ধরা হয় দেড় হাজার টাকা। ওই অর্থের ওপর নির্ভর করে উচ্চশিক্ষায় ভর্তির জন্য কোচিং করছিলেন তিনি। ইব্রাহিম প্রথম আলোকে বলেন, ‘বিকেলে হালিশহর নয়াবাজার হাক্কানী ফিলিং স্টেশনের সামনে রোকসানাসহ বাসের জন্য অপেক্ষা করছিলাম। এ সময় বন্দরের দিক থেকে দুটি যাত্রীবাহী বাস আসছিল। একটি বাস অন্যটিকে দ্রুত পাশ কাটিয়ে আসার সময় একটি আমাদের ওপর ওঠে যায়। আমি ছিটকে পড়লে বাসের ধাক্কায় বাঁ হাত ভেঙে যায়। রোকসানা পেছনে সরতে গেলে সড়কের পাশে থাকা ফিলিং স্টেশনের ট্রেইলারে আটকে যায়। তখন বাসটি ট্রেইলারে আচড়ে পড়লে দুই গাড়ির মাঝখানে পিস্ট হয়ে মৃত্যু হয় তাঁর।’ গতকাল বুধবার রোকসানার বাড়িতে গিয়ে দেখা যায়, দুই কক্ষের বাড়িতে কোনো আসবাবপত্র নেই। চারদিকে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। পারভিনের মা রোকেয়া বেগম বলেন, প্রতিবেশীদের সাহায্য নিয়ে ইটের দেয়াল করা হয়েছে। ঈদের সময় রোকসানা ও ছোট মেয়ে সাদিয়া আফরিন আত্মীয়স্বজনের কাছ থেকে ৯০০ টাকা করে সেলামি পেয়েছিল। ওই টাকা আর রোকসানার দুই মাসের চাকরির বেতন দিয়ে বাড়ির পলেস্তারা করা হয়েছে। রোকসানার ইচ্ছা ছিল এমএ পাস করবে। লেখাপড়া ছাড়া তাঁর মাথায় আর কিছুই ছিল না। বাবা হানিফ মিয়া বলেন, ‘অভাবের কারণে সন্তানদের স্কুলের বেতন দিতে পারি না। রোকসানার লেখাপড়ায় সন্তুষ্ট হয়ে সরাইপাড়া সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তাঁর বেশির ভাগ বেতন মওকুফ করে দেন। ছেলে পড়ত মোস্তফা হাকিম কলেজে। সেখানেও কোনো বেতন দিতে হতো না।’এলাকাবাসীর অভিযোগ, পোর্ট কানেকটিং সড়কের দুই পাশে খালি জায়গায় যত্রতত্র ট্রাক, লরি ও ট্রেইলারসহ বড় বড় গাড়ি রাখা হয়। ফলে মানুষ হাঁটার জায়গা থাকে না। ফলে সড়কে দুর্ঘটনার আশঙ্কা থাকে। স্থানীয় ব্যবসায়ী মো. বাবুল হক বলেন, পোর্ট কানেকটিং সড়কের পাঁচ কিলোমিটার এলাকায় কোনো ট্রাফিক সিগন্যাল বাতি নেই। গাড়ি চলাচল তদারকে নেই নিয়মিত পুলিশ। তাই এই সড়কে গাড়িচালকেরা ইচ্ছেমতো গাড়ি চালান এবং হরহামেশা ঘটে দুর্ঘটনা। মাঝে মাঝে পুলিশ দেখা গেলেও তারা চায়ের দোকানে আড্ডা দেয় আর বলে, মন্ত্রীর আসা-যাওয়া দেখাই তাদের দায়িত্ব।