উচ্চশিক্ষিত প্রার্থীদের ভিড়ে এক ডজন 'স্বশিক্ষিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিএইচডি, এমফিল, এমএ, এলএলএম, এলএলবি, দাওরায়ে হাদিস, বিএ পাস—এমন সব উচ্চশিক্ষিত প্রার্থীর ভিড়ে যোগ হয়েছেন এক ডজন ‘স্বশিক্ষিত’ প্রার্থীও। সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনী আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ৫২ জন প্রার্থীর হলফনামা ঘেঁটে এ তথ্য পাওয়া গেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা অনুযায়ী, পাঁচটি আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬ জন। তাঁদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই¯স্নাতক বা তদূর্ধ্ব ডিগ্রিধারী।

সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধরমপাশা) আওয়ামী লীগের প্রার্থী সাংসদ মোয়াজ্জেম হোসেনের শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। এখানে বিএনপির দুই প্রার্থী নজির হোসেন ও আনিসুল হক বিএসসি পাস। দলটির অপর প্রার্থী কামরুজ্জামান কামরুল নিজেকে ‘স্বশিক্ষিত’ বলে উল্লেখ করেছেন। এ ছাড়া বিকল্পধারার প্রার্থী রফিকুল ইসলাম চৌধুরী এমফিল (পিএসএম), ইসলামী আন্দোলনের ফখর উদ্দিন তাকমিল ফিল হাদিস, জমিয়তে উলামায়ে ইসলামের মুস্তাক আহমদ বাবুল দাওরায়ে হাদিস, মুসলিম লীগের বদরুদ্দোজা সুজা এলএলএম, জাসদের এ কে এম ওহীদুল হক ও জাকের পার্টির আমান উল্লাহ আমান স্বশিক্ষিত বলে উল্লেখ করেছেন।

সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) আওয়ামী লীগের প্রার্থী সাংসদ জয়া সেনগুপ্তা শিক্ষাগত যোগ্যতা হিসেবে লিখেছেন পিএইচডি। বিএনপির নাছির উদ্দিন চৌধুরী বিএ পাস এবং তাহির রায়হান চৌধুরী এমএসসি বলে উল্লেখ করেছেন। এ আসনে জাতীয় পার্টির রুহুল আমীন এলএলবি, কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস খোকন এমএসএস, ইসলামী আন্দোলনের আবদুল হাই দাওরায়ে হাদিস, গণতন্ত্রী পার্টির গুলজার আহমদ এইচএসসি, বাংলাদেশ মুসলিম লীগের মাহমুদ হাসান চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা বিএ (অনার্স)।

সুনামগঞ্জ-৩ আসনে (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) ১১ জন প্রার্থীর মধ্যে একজন মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমা দেননি। বাকি ১০ জনের মধ্যে ৫ জন স্বশিক্ষিত। তাঁরা হলেন গণফোরামের নজরুল ইসলাম, জাকের পার্টির শাহজাহান চৌধুরী, মুসলিম লীগের সৈয়দ শাহ মদচ্ছির আলী, স্বতন্ত্র আবদুল ছত্তার ও রফিকুল ইসলাম খসরু। এখানে আওয়ামী লীগের প্রার্থী সাংসদ এম এ মান্নান শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিপ্লোমা বলে উল্লেখ করেছেন। এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের শাহীনুর পাশা চৌধুরী এমএ, ইসলামী ঐক্যজোটের সৈয়দ আলী আহমদ এমএ, এলডিপির মাহফুজুর রহমান খালেদ এলএলএম, স্বতন্ত্র রফিকুল ইসলাম খসরু এইচএসসি।

সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) বর্তমান সাংসদ জাতীয় পার্টির প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহের শিক্ষাগত যোগ্যতা এলএলএম, বিএনপির মো. ফজলুল হক আছপিয়া এলএলবি ও দেওয়ান জয়নুল জাকেরীন এমএ, আওয়ামী লীগের মতিউর রহমান স্নাতক, স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদ এলএলবি ও ইনান ইসমাম চৌধুরী এ লেভেল, মুসলিম লীগের আল হেলাল আল মাহমুদ বিএ, খেলাফত মজলিসের মো. আজিজুল হক দাওরায়ে হাদিস, ইসলামী আন্দোলনের তানভীর আহমদ তাছলিম দাখিল পাস। এখানে স্বশিক্ষিত হিসেবে উল্লেখ করেছেন চারজন। এই প্রার্থীরা হলেন এনএনপির মোহাম্মদ দিলোয়ার, জেএসডির দেওয়ান ইস্কান্দর রাজা চৌধুরী, স্বতন্ত্র কামরুজ্জামান ও রাজু আহমদ।

সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক ও দোয়ারাবাজার) সবচেয়ে কম শিক্ষিত হলেন বিএনএফের প্রার্থী মো. আশরাফ হোসেন। তিনি এসএসসি পাস। আওয়ামী লীগের প্রার্থী সাংসদ মুহিবুর রহমানের মানিক শিক্ষাগত যোগ্যতা এলএলবি, বিএনপির কলিম উদ্দিন আহমদ মিলন এমকম ও মিজানুর রহমান চৌধুরী বিএ পাস। এ ছাড়া জাতীয় পার্টির নাজমুল হুদা হিমেল এলএলএম, গণফোরামের আইয়ুব করম আলী এমএ, ইসলামী আন্দোলনের হুসাইন আল হারুন তাকমিল ফিল হাদিস, খেলাফত মজলিসের মুহাম্মদ সফিক উদ্দিন কামিল, ন্যাপের আবদুল ওদুদ এইচএসসি ও স্বতন্ত্র প্রার্থী রনজিত কুমার দে বিএ পাস।