উচ্চাঙ্গসংগীত সংগঠক শফিউর রহমান আর নেই
বাংলাদেশে উচ্চাঙ্গসংগীতের প্রসারে নিবেদিতপ্রাণ কর্মী ও সংগঠক শফিউর রহমান (৭৯) আর নেই। গতকাল সোমবার সকালে রাজধানীর কলাবাগানের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। শফিউর রহমান স্ত্রী ঊষা রহমান, তিন ছেলে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।দীর্ঘদিন ধরে তিনি হূদেরাগসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন। গত কয়েক দিন স্কয়ার হাসপাতালে তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়েছিল।শুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা ও সংগঠনটির সাধারণ সম্পাদক ছিলেন শফিউর। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি বিরতিহীনভাবে উচ্চাঙ্গসংগীতের প্রায় ৪০০টি আসর করেছে। দীর্ঘ এ সময়ে উচ্চাঙ্গসংগীতের চর্চাকে তিনি সারা দেশে ছড়িয়ে দিয়েছেন।শুধু শিল্পী তৈরি নয়, একই সঙ্গে উচ্চাঙ্গসংগীতের বোদ্ধা শ্রোতা তৈরিতেও তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। সফল এই সংগঠক কোনো রাষ্ট্রীয় পুরস্কার না পেলেও বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন। এর মধ্যে বুলবুল ললিতকলা একাডেমী সম্মাননা ও বিশ্বসাহিত্য কেন্দ্র সম্মাননা অন্যতম।গতকাল বাদ জোহর কলাবাগান বশির উদ্দিন রোড মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। শেষ শ্রদ্ধা জানাতে মরদেহ বিশ্বসাহিত্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁকে মিরপুর গোরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।