উচ্চাঙ্গসংগীত সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মরণে চট্টগ্রামে শুরু হয়েছে ঊনবিংশতিতম উচ্চাঙ্গসংগীত সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ বাংলাদেশ। বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট শাস্ত্রীয় সংগীতশিল্পীরা এতে অংশ নিয়েছেন।
গতকাল বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উচ্চাঙ্গসংগীত সম্মেলনের উদ্বোধন করেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু। সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ বাংলাদেশের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, একজন পূর্ণাঙ্গ মানুষ হতে গেলে জীবনে সংস্কৃতিচর্চার খুব প্রয়োজন। বর্তমানে অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়লেও সংস্কৃতিচর্চা কমছে। এ চর্চা বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে।
অনুষ্ঠানে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু বলেন, ‘বাংলাদেশে শাস্ত্রীয় সংগীতের ভবিষ্যৎ খুব ভালো। আমি এই বিষয়ে খুব আশাবাদী। পরিবেশ তৈরি করতে পারলে শাস্ত্রীয় সংগীত যে কারও মনের ভেতরে গেঁথে যায়।’
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদের সদস্যরা ‘বসন্তরাগ’ পরিবেশন করেন।
আজ বৃহস্পতিবারও এ আয়োজন থাকছে। বিকেল চারটায় ‘শুদ্ধ সংস্কৃতি, পরিশীলিত মন’—এই বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে। এতে প্রধান অতিথি থাকছেন নাট্যজন আলী যাকের। উচ্চাঙ্গসংগীত শুরু হবে রাত পৌনে ১০টায়। ভোর সাড়ে ছয়টা পর্যন্ত সংগীতানুষ্ঠান চলবে।