উচ্চাঙ্গসংগীত সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্থিরতার এই সময়ে শুদ্ধ সংগীত ও সর্বোপরি সংস্কৃতিচর্চা অনেক জরুরি।
গতকাল বুধবার সন্ধ্যায় সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ বাংলাদেশ আয়োজিত বিশতম জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত তিন দিনব্যাপী এই সম্মেলন উৎসর্গ করা হয় ওস্তাদ নীরদ বরণ বড়ুয়াকে।
সম্মেলনের উদ্বোধন করেন পণ্ডিত দিলীপ দাশ। সদারঙ্গের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। স্বাগত বক্তব্য দেন সদারঙ্গের সাধারণ সম্পাদক স্বর্ণময় চক্রবর্তী।
দিলীপ দাশ বলেন, ‘অস্থির এই পৃথিবীতে সুখের ঠিকানা খুঁজতে হবে। শুদ্ধ সংগীত আমাদের ছায়া দিয়ে যাবে। শুদ্ধ সংগীত খাঁটি সোনা।’ তিনি আরও বলেন, সদারঙ্গের ২০ বছরের পথচলা একটি মাইলফলক।
সোমনাথ হালদার বলেন, বিশ্বব্যাপী অস্থিরতা চলছে। সুস্থ পরিবেশ তৈরির জন্য সুস্থ মনের মানুষ দরকার। এ জন্য সংস্কৃতিচর্চার বিকল্প নেই।
ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘অপসংস্কৃতিতে বিপন্ন দেশ ও বিশ্ব। সেখানে সদারঙ্গের শুদ্ধ সংগীতচর্চা আমাদের আলোর পথ দেখায়।’