উচ্ছল ধানমন্ডি মাঠ, স্থাপনা নির্মাণ বন্ধের দাবি

বিকেলবেলার ধানমন্ডি মাঠ এখন শত শত মানুষের কোলাহলে মুখর। ২৪ এপ্রিল মাঠটি খুলে দেওয়ার পর থেকে এই দৃশ্য এখন প্রতি বিকেলের। সাপ্তাহিক ছুটির দুই দিনে তো বটেই, গতকাল সোমবার কর্মদিবসেও মাঠ ভরে উঠেছিল শত শত তরুণ-কিশোরের ক্রীড়া-উচ্ছলতায়।
দশ-বারোটি দল খেলছিল মাঠে। ফুটবল আর ক্রিকেট। ১৫-১৬ ফুট ব্যবধানে খেলা হচ্ছে ভিন্ন ভিন্ন দলের। মাঠজুড়ে নানা রঙের জার্সির ছোটাছুটি। তবে মাঠে ভিড়ের জন্য যাদের খেলার সুযোগ হয়নি, তাদের অনেকেরই মন খারাপ। স্কুল থেকে ফিরে গৃহশিক্ষক চলে আসায় দেরিতে মাঠে আসে কলাবাগানের নবম শ্রেণীর ছাত্র মো. মুরাদ। মাঠের পূর্ব প্রান্তের নির্মাণাধীন ক্রীড়া স্থাপনার দিকে ইঙ্গিত করে বলছিল, ‘কোর্ট না করে মাঠ রাখলে তো আমরাও খেলতে পারতাম। এখানে সবাই আসে ফুটবল-ক্রিকেট খেলতে। এসবের দরকার কী?’ মুরাদের মতো অনেকেই এসব স্থাপনা নির্মাণের বিরোধিতা করছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মাঠে দুটি ব্যাডমিন্টন, দুটি টেনিস ও একটি বাস্কেটবল কোর্ট নির্মাণ করছে। নির্মাণ শেষ হবে আগামী জুলাইয়ে। ধানমন্ডি মাঠ সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার দাবিতে যেসব নাগরিক সংগঠন আন্দোলন করছিল তাদের দাবি, এসব স্থাপনা নির্মাণ বন্ধ হোক। মাঠের প্রায় এক-চতুর্থাংশ এলাকাজুড়ে চলা এসব স্থাপনার নির্মাণকাজ গতকালও চলতে দেখা গেছে। মাঠটির নিয়ন্ত্রক সংস্থা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘এগুলো তো খেলাধুলার জন্যই হচ্ছে। এসব নির্মাণে অসুবিধা কোথায়?’ তিনি বলেন, ‘স্থাপনাগুলো সরকারি খরচে হচ্ছে। এখানে সবার অধিকার থাকবে। সেটা আমরা নিশ্চিত করব।’
তবে মাঠে খেলতে আসা অনেকেই মনে করেন, এসব স্থানে অন্য কারও সুযোগ থাকবে না। সন্তানকে নিয়ে মাঠে এসেছিলেন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত আবিদ আনোয়ার। বললেন, বলাই হচ্ছে যে ক্লাবের জন্য এসব কোর্ট হচ্ছে। এত দিন যাঁরা মাঠে ঢোকা নিষিদ্ধ করেছিলেন তাঁরা কি এসব জায়গায় অন্যদের খেলতে দেবেন?
এসব স্থাপনা নির্মাণ করে মাঠে অধিকার সংকুচিত হয়ে আসবে বলে মনে করেন মাঠে খেলতে আসা তাওহীদ। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই স্নাতক বললেন, ‘ক্লাবের স্থায়ী সম্পত্তি হয়ে যাবে এগুলো। কেউ তখন সেখানে যেতে পারবে না, দেখবেন।’
বেশ কয়েকজন নারী মাঠে হাঁটতে এসেছিলেন গতকাল। দূরে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। এঁদের একজন শাফিয়া সুলতানা বললেন, ‘এসব তৈরি করে মাঠটা নষ্ট করছে। খেলার বেশি জায়গা থাকলে আমরাও কিছু হাঁটার জায়গা পেতাম।’
ধানমন্ডিসহ আশপাশের কলাবাগান, সোবহানবাগ, গ্রিন রোড থেকে অনেকেই খেলতে আসে এই মাঠে। আশপাশের মাঠের অভাবে এখানে চাপটা বাড়বে ক্রমেই, মনে করেন মাঠে আসা সারোয়ার আলী।