উচ্ছিষ্ট ভোগের রাজনীতি দিয়ে বিকল্প শক্তি গড়া যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী হিসাব-নিকাশের উচ্ছিষ্ট ভোগের রাজনীতি দিয়ে বিকল্প বা জনগণের রাজনৈতিক শক্তি গড়ে তোলা যাবে না বলে মন্তব্য করেছেন কয়েকজন বামপন্থী বুদ্ধিজীবী ও রাজনীতিক। গতকাল শনিবার সকালে পুরানা পল্টনে শহীদ তাজুল মিলনায়তনে গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় প্রতিনিধি সভায় এ মন্তব্য করেন তাঁরা।সভায় আমন্ত্রিত অতিথি কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, বাম দলগুলোকে বিভ্রান্ত করার জন্য আওয়ামী লীগ ও বিএনপির মতো বুর্জোয়া দলগুলো বেশি শক্তি ব্যবহার করে, যা গত নির্বাচনে দেখা গেছে। কয়েকটি বাম দলের মহাজোট সরকারে শরিক হওয়ার কথা উল্লেখ করে আবুল মকসুদ বলেন, দু-তিনটি আসন ছাড়া কী পেয়েছে তারা? আগামী নির্বাচনে নইলে পাঁচ-সাতটি পাবে। কিছু আসনের জন্য যাঁরা ১৬ কোটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, তাঁরা ইতিহাসের নর্দমায় নিক্ষিপ্ত হবেন।তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, এখন পর্যন্ত শ্রমজীবী নিপীড়িত মানুষের একটি বড় অংশ আওয়ামী লীগ ও বিএনপি তথা শত্রুপক্ষের পেছনে আছে। বৃহত্তর জনগোষ্ঠীকে সংগঠিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগের অভাব বাম রাজনীতির ভেতর আছে। তিনি বলেন, বামপন্থীদের ঐক্যের চাহিদা আছে, তৎপরতাও আছে। কিন্তু প্রকৃত ঐক্য তৈরি হয় লড়াইয়ের মধ্য দিয়ে।বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাম মোর্চা ছেড়ে সিপিবির সঙ্গে বাসদের ঐক্যের সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমাদের কিছু বন্ধু বাম মোর্চা থেকে বেরিয়ে শাসকশ্রেণীর বারান্দায় ঢুকেছেন। তাঁরা মনে করেন, গত নির্বাচনেই শাসকশ্রেণীর সঙ্গে না গিয়ে ভুল করেছেন। বামপন্থীদের এই মুখোশ খুলে দেওয়া দরকার।’ গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু দাবি করেন, লেজুড়বৃত্তি বামপন্থী দলগুলোকে সর্বনাশের দিকে নিয়ে গেছে। এই কারণেই বাম রাজনীতির বিকাশ হচ্ছে না।সভাপতির বক্তব্যে বাম মোর্চার সমন্বয়কারী জোনায়েদ সাকি বাম ও ডান বিচ্যুতিকে অতিক্রম করে জনগণের স্বার্থ ঊর্ধ্বে তুলে জোট-মহাজোটের রাজনীতির বাইরে নিজস্ব শক্তিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, বাসদের (মাহবুব) ভারপ্রাপ্ত আহ্বায়ক ইয়াসিন মিয়া, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) সাধারণ সম্পাদক আবদুস সাত্তার প্রমুখ। সভায় ৫১টি জেলা থেকে আসা প্রতিনিধি ও পর্যবেক্ষকেরা অংশ নেন। উদ্বোধনী অধিবেশনের পর প্রতিনিধিরা দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও ভবিষ্যৎ নীতিনির্ধারণের বিষয়ে বক্তব্য দেন।