উচ্ছিষ্টে রুদ্ধ নর্দমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের জিন্দাবাজার থেকে জল্লারপাড়গামী নর্দমার বর্তমান অবস্থা l ছবি: প্রথম আলো
সিলেট নগরের জিন্দাবাজার থেকে জল্লারপাড়গামী নর্দমার বর্তমান অবস্থা l ছবি: প্রথম আলো

কোথাও তেল ও চর্বিজাতীয় উপকরণ জমে শক্ত হয়ে আছে। কোথাও স্তর হয়ে আছে উচ্ছিষ্ট খাবার ও পচা মাছ-মাংসের টুকরো। যেখানে-সেখানে ভাসছে পরিত্যক্ত সামগ্রী আর প্লাস্টিকের বোতল। সব মিলিয়ে নর্দমায় পানি চলাচলের পথ প্রায় বন্ধ। সঙ্গে উৎকট গন্ধ।
এই অবস্থা সিলেট নগরের জিন্দাবাজার থেকে জল্লারপাড়গামী নর্দমার। দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চলে এলেও সমাধানের উদ্যোগ নেই।
সরেজমিনে দেখা গেছে, জিন্দাবাজার থেকে জল্লারপাড় হয়ে লিয়াকত ভবনের পেছন দিক দিয়ে একটি নর্দমা গিয়ে মিশেছে জল্লার খালের সঙ্গে। এ নর্দমা দিয়েই জল্লারপাড়া, জিন্দাবাজার ও দাড়িয়াপাড়ার পানি খালটিতে গিয়ে পড়ে। কিন্তু নর্দমাটি এখন প্রায় অকার্যকর হয়ে গেছে। স্থানীয় দুটি রেস্তোরাঁ, একটি গরুর খামার ও বাসাবাড়ির উচ্ছিষ্ট ও পরিত্যক্ত ময়লা-আবর্জনায় ভরে গেছে পানি চলাচলের পথ।
জল্লারপাড়ের বাসিন্দা আবদাল মিয়া বলেন, সারাক্ষণ দুর্গন্ধ ছড়ায়। বর্ষা মৌসুমে দুর্ভোগ পৌঁছায় চরমে। নর্দমা দিয়ে পানি চলাচল করতে না পারায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়।
ওই এলাকার চারজন ব্যবসায়ী বলেন, স্থানীয় পানসী রেস্টুরেন্ট ও পাঁচ ভাই রেস্টুরেন্ট নর্দমায় নিয়মিত ময়লা-আবর্জনা ফেলায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে পানসী রেস্টুরেন্টের অন্যতম স্বত্বাধিকারী নূরুজ্জামান সিদ্দিকীর দাবি, তাঁর রেস্তোরাঁ থেকে কোনো ময়লা-আবর্জনা নয়, কেবল পানিই গিয়ে নর্দমায় মেশে। আশপাশের বাসাবাড়ি ও অন্যান্য প্রতিষ্ঠানের আবর্জনা গিয়ে নর্দমায় মিশছে।
ফোন না ধরায় পাঁচ ভাই রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলামের সঙ্গে কথা বলা যায়নি।
যোগাযোগ করলে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, কোনোভাবেই নর্দমার পানি চলাচলের পথ রুদ্ধ করার সুযোগ নেই। বিষয়টি দ্রুত খোঁজ নিয়ে দেখা হবে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।