উচ্ছৃঙ্খলদের হাত থেকে বিশ্ববিদ্যালয় রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইফতেখারুল ইসলাম ওরফে রিয়েলের নেতৃত্বে ১০ থেকে ১২ জন উচ্ছৃঙ্খল ছাত্রের হাত থেকে বিশ্ববিদ্যালয়কে রক্ষা করার দাবি জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে শিক্ষক সমিতি এ দাবি জানায়।
ইফতেখারুল বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সাবেক ছাত্র। বর্তমানে একই অনুষদে পিএইচডি করছেন। তাঁর নেতৃত্বে যেসব উচ্ছৃঙ্খল ছাত্রের নাম বলা হচ্ছে, তাঁরা সবাই ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সারির নেতা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সমিতির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম শফিকুল ইসলাম। লিখিত বক্তব্যে ছাত্রলীগের ওই নেতাসহ উচ্ছৃঙ্খলদের হাত থেকে বিশ্ববিদ্যালয়কে রক্ষা করতে সরকারসহ দিনাজপুরের সচেতন মানুষের কাছে দাবি জানানো হয়। গত এক বছরে ছাত্রলীগের এসব নেতা যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন, তার নমুনা হিসেবে ১৭টি ঘটনা তুলে ধরা হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ৪ নভেম্বর প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির মাধ্যমে নকল সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক অরুণ কান্তি রায় (ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক), বিজনেস স্টাডিজ অনুষদের লেভেল-৪ সেমিস্টার-২-এর ছাত্র মো. জাহিদ হোসেন (ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি), বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান অনুষদের লেভেল-২ সেমিস্টার-২-এর ছাত্র অনিন্দ্য দত্তসহ তিন ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ইফতেখারুলের নেতৃত্বে বহিষ্কৃতরা তথাকথিত সংগ্রাম পরিষদ গঠন করে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করছেন। ছাত্র ধর্মঘটের নামে তাঁরা সাধারণ শিক্ষার্থীদের ক্লাসে যেতে বাধা দিচ্ছেন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে গত ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি ঘোষণা করে। ১২ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার লক্ষ্যে ১১ জানুয়ারি হলগুলো খুলে দেওয়া হয়।
প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী হলগুলো খোলার সময় হলের প্রাধ্যক্ষদের সহায়তা করতে শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান, কৃষি অনুষদের ডিন আনিস খান, পোস্ট গ্র্যাজুয়েট অনুষদের ডিন বলরাম রায়ের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন শিক্ষকের সমন্বয়ে দল গঠন করে বিভিন্ন হলে বৈধ শিক্ষার্থীদের প্রবেশের ব্যবস্থা করা হয়। কিন্তু ইফতেখারুলের নেতৃত্বে বহিষ্কৃত ছাত্র অরুণ কান্তি রায়, অনিন্দ্য দত্ত, জাহিদ হোসেন ছাড়াও হাবিবুর রহমান, মিল্টন, রানাসহ বেশ কিছু ছাত্র হলগুলোতে আসেন। তাঁরা শিক্ষকদের অশ্লীল গালাগাল, চেয়ার-টেবিল ভাঙচুর ও লাঞ্ছিত করে শিক্ষকদের হল থেকে চলে যেতে বাধ্য করেন।