উচ্ছে চাষে ভাগ্যবদল

আধা পাকা ঘরে বসে পুরোনো কথা প্রায়ই মনে হয় কৃষক ছাদেক হোসেনের। ঠিক এ জায়গাটিতে ছিল তাঁর কুঁড়েঘর। সংসার চালাতে গিয়ে হিমশিম খেতেন। পরিবারের সদস্যদের জন্য দুবেলার অন্ন জোগাড় করাও ছিল অনিশ্চিত। ছেলেমেয়ের পড়াশোনার চিন্তাভাবনা যেন ছিল বিলাসিতা। তবে এখন আর সেই করুণ দশা নেই।
নড়াইলের নলদী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের কৃষক ছাদেক হোসেন উচ্ছে চাষ করে ভাগ্য বদলে ফেলেছেন। কুঁড়েঘরের জায়গায় তৈরি হয়েছে আধা পাকা ঘর। ছেলেমেয়েদের পড়াশোনার খরচ জোগাতে এখন আর চিন্তা করতে হয় না। ইউনিয়নের ১৬টি গ্রামের প্রায় এক হাজার পরিবার কৃষক ছাদেকের মতো ভাগ্য বদলে ফেলেছেন। এই ১৬টি গ্রাম ‘উচ্ছেপল্লি’ হিসেবেই এখন পরিচিত। গ্রামগুলো হলো জালালশী, নোয়াপাড়া, নলদী, বাড়ইপাড়া, গাছবাড়িয়া, হলদা, মতিনগর, ব্রহ্মণীনগর, কালাচাঁদপুর, মঠবাড়িয়া, ব্রাহ্মণডাঙা, চর ব্রাহ্মণডাঙা, বাড়িভাঙা, মিঠাপুর, নখখালী, চাকুলিয়া।
কৃষি বিভাগ সূত্র জানায়, এ বছর জেলায় ৩২০ হেক্টর জমিতে উচ্ছে চাষ হয়েছে। এর মধ্যে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের ওই ১৬টি গ্রামে ১৭৫ হেক্টর জমিতে এ সবজি চাষ হয়েছে। এসব জমি থেকে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার মণ উচ্ছে তোলা হচ্ছে। ওই ১৬টি গ্রামের কৃষকদের দেখে পাশের নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রাম, কলাগাছিসহ কয়েকটি গ্রামের আরও প্রায় ৭৫টি পরিবার এবার উচ্ছে চাষ করে লাভবান হয়েছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, চাষিরা জমি থেকে উচ্ছে তোলার কাজে ব্যস্ত। চাষিদের স্ত্রী ও সন্তানেরা জমি থেকে উচ্ছে তুলছেন। অনেকে দিনমজুর দিয়ে সবজি তুলছেন। উচ্ছেপল্লিতে গড়ে উঠেছে ১২ থেকে ১৫টি অস্থায়ী বাজার। বিভিন্ন জেলার ২০ থেকে ২৫ জন ব্যাপারী এসব উচ্ছে কিনে ঢাকা, মাগুরা, ফরিদপুর, যশোর, খুলনাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করেন।
যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট গ্রামের ব্যাপারী বিলায়েত হোসেন বলেন, গত বছর এক থেকে দেড় হাজার মণ উচ্ছে কেনাবেচা হয়েছে। এবার তার চেয়ে ফলন অনেক বেশি হয়েছে।
কৃষক ছাদেক হোসেন বলেন, শুরুতে ব্যাপারীরা প্রতি কেজি উচ্ছে ৬০ থেকে ৭০ টাকায় কিনেছেন। এখন সেটা কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকায় নেমে এসেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক চিন্ময় রায় বলেন, এই এলাকায় মাটি ও পরিবেশ উচ্ছে চাষের জন্য উপযোগী। এ ছাড়া ধান ও পাট চাষের তুলনায় উচ্ছে চাষে লাভ বেশি হওয়ায় কৃষকেরা উচ্ছে চাষে বেশি ঝুঁকছেন। তিনি জানান, লাভজনক এ চাষ আরও সম্প্রসারণ করা হবে।