উচ্ছে চাষে সচ্ছল ৫০ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের পাঁচটি গ্রাম উচ্ছেপল্লি হিসেবে পরিচিতি লাভ করেছে। উচ্ছে চাষ ক রে এসব গ্রামের প্রায় ৫০টি পরিবারে সচ্ছলতা এসেছে। গ্রামগুলো হলো জালালসী, নোয়াপাড়া, বারইপাড়া, গাছবাড়িয়া ও মতিনগর।

কৃষি বিভাগ সূত্র জানায়, এ বছর জেলায় ৪২৫ হেক্টর জমিতে উচ্ছে আবাদ হয়েছে। এর মধ্যে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের ওই পাঁচটি গ্রামে ১২০ হেক্টর জমিতে এ সবজি চাষ হয়েছে। এসব জমি থেকে প্রতিদিন এক থেকে দেড় হাজার মণ উচ্ছে তোলা হচ্ছে। ওই পাঁচটি গ্রামের কৃষকদের দেখে পাশের নোয়াগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা, বাড়িভাঙ্গা, রায়গ্রাম ও কলাগাছিসহ কয়েকটি গ্রামের আরও প্রায় ৭৫টি পরিবার এবার উচ্ছে চাষ করে লাভবান হয়েছে।

নোয়াপাড়া গ্রামের কৃষক আফজাল হোসেন বলেন, ‘উচ্ছে চাষ আমার ভাগ্য বদলে দিয়েছে। আগে এমনও দিন গেছে, পরিবারের সদস্যদের দুবেলা দুমুঠো ভাতের জোগান দিতে পারিনি। কিন্তু এখন আর্থিক সচ্ছলতা এসেছে। কুঁড়েঘরের পরিবর্তে তৈরি করেছি আধা পাকা ঘর। ছেলেমেয়েদের পড়াশোনার খরচ জোগাতে এখন আর চিন্তা করতে হয় না। পাঁচটি গ্রামের প্রায় ৫০টি পরিবার এখন সুখের সংসার।’ আফজাল হোসেন বলেন, ‘শুরুতে ব্যাপারীরা প্রতি কেজি উচ্ছে ৬০ থেকে ৭০ টাকায় কিনেছেন। বর্তমানে ২৫ থেকে ২৮ টাকা দরে বিক্রি করছি।’ গত ২৪ মার্চ সরেজমিনে দেখা যায়, চাষিরা জমি থেকে উচ্ছে তোলার কাজে ব্যস্ত। চাষিদের স্ত্রী ও সন্তানেরাও জমি থেকে উচ্ছে তুলছেন। কেউ কেউ দিনমজুর দিয়ে সবজি তুলছেন।

উচ্ছেপল্লিতে গড়ে উঠেছে ১২ থেকে ১৫টি অস্থায়ী বাজার। বিভিন্ন জেলার ২০ থেকে ২৫ জন ব্যাপারী এসব উচ্ছে কিনে ঢাকা, মাগুরা, ফরিদপুর, যশোর, খুলনাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করেন। যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট গ্রামের ব্যাপারী বিলায়েত হোসেন বলেন, গত বছরও দুই থেকে আড়াই হাজার মণ উচ্ছে কেনাবেচা হয়েছে। কিন্তু এবার জমিতে ভাইরাস আক্রমণ করায় ফলন একটু কম হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেখ আমিুনল হক বলেন, ধান ও পাট চাষের তুলনায় উচ্ছে চাষে অধিক লাভ পাওয়ায় এবং মাটি ও পরিবেশ অনুকূলে থাকায় কৃষকেরা উচ্ছে চাষে ঝুঁকে পড়ছেন। লাভজনক এ চাষ সম্প্রসারণ করা হবে।