উচ্ছেদ, পরের দিন দখল
পাবনা-ঈশ্বরদী মহাসড়কে পাবনা সদর উপজেলার গাছপাড়া থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত ছয় কিলোমিটার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। গত দুই দিনে সওজ কর্তৃপক্ষ প্রায় এক হাজার ৬০০ স্থাপনা উচ্ছেদ করেছে। তবে একদিকে উচ্ছেদ অভিযান চললেও অপরদিকে বাঁশ-খুঁটি পুঁতে জায়গাগুলো পুনর্দখল করছেন দখলদারেরা।স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিবার উচ্ছেদ অভিযানের পরপরই একই ঘটনা ঘটে। ফলে এ ধরনের অভিযান কোনো কাজেই আসে না।সওজ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সড়কের দুই পাশে দোকানপাটসহ বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এতে যানবাহন চলাচলে অসুবিধাসহ ঘটছে দুর্ঘটনা। দখলদারদের বিভিন্ন সময়ে তাঁদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু তাঁরা নির্দেশ না মানায় গত রোববার থেকে সওজ কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান শুরু করে। টানা দুই দিনে প্রায় এক হাজার ৬০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সওজের শতাধিক কর্মী ও পুলিশ সদস্য এই অভিযান পরিচালনা করেছেন।সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, আগের দিন রোববার যেসব এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, সেসব জায়গা পুনর্দখল করা হচ্ছে। উচ্ছেদ কর্মীরা একদিক থেকে স্থাপনা গুঁড়িয়ে দিয়ে অন্যদিকে যাওয়ার পরই সেখানে নতুন করে বাঁশ-খুঁটি পুঁতে দখলদারেরা সবাই যাঁর যাঁর আগের দখলস্থান ঠিক রাখতে ব্যস্ত হয়ে পড়েছেন।স্থানীয় বাসিন্দারা বলেন, এ ধরনের উচ্ছেদ অভিযান আগেও বেশ কয়েকবার চালানো হয়েছে। কিন্তু কোনো কাজে আসেনি। প্রতিবার অভিযান শেষ হলেই আবার নতুন করে স্থাপনা তৈরির কাজ শুরু হয়। ফলে এসব অভিযান কোনো কাজে আসছে না। সিঙ্গা মহল্লার বাসিন্দা মানিক বলেন, উচ্ছেদের পর অভিযান পরিচালনাকারী দলটি ঘটনাস্থল ত্যাগ করা মাত্রই দখলদারেরা বাঁশ-খুঁটি পুঁতে জায়গাটি পুনর্দখল করে চলছেন। প্রতিবার অভিযানে একই ঘটনা ঘটে।পাবনা সওজের নির্বাহী প্রকৌশলী খালেদ শাহেদ বলেন, উচ্ছেদ অভিযান শুরুর আগে অবৈধ দখলদারদের চিঠি দিয়ে স্থাপনাগুলো সরিয়ে নিতে মাইকিং করা হয়। কিন্তু নির্দেশ না মানায় তাঁরা উচ্ছেদ অভিযান শুরু করেছেন। এই অভিযান অব্যাহত রাখা হবে। নতুন করে স্থাপনা গড়ে উঠলে আবারও তা ভেঙে দেওয়া হবে। প্রয়োজনে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।