উচ্ছেদ অভিযান চলে, পরিস্থিতি বদলায় না
দখল, উচ্ছেদ, আবার দখল—এভাবেই চলছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ কার্যক্রম। অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির পক্ষ থেকে কিছুদিন পরপর অভিযান চালানো হলেও কার্যত পরিস্থিতির কোনো বদল হয় না। এ ক্ষেত্রে ডিএনসিসির উচ্ছেদ-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ তৎপরতায় ঘাটতি রয়েছে বলে মনে করছেন নাগরিকেরা।
সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখল সরিয়ে নিতে একাধিকবার নির্দেশ দিয়েছেন ডিএনসিসির মেয়র আনিসুল হক। গত ৩ মার্চ বিপণিবিতান ও দোকান মালিক সমিতির সঙ্গে এক আলোচনা সভায় অবৈধ দখল সরিয়ে নিতে সাত দিনের সময় বেঁধে দিয়েছিলেন তিনি। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও মেয়র জানিয়েছিলেন।
মেয়রের ওই ঘোষণা পরে ডিএনসিসি পাঁচটি অঞ্চলে এলাকাভিত্তিক বেশ কিছু অভিযান চালায়। গত কয়েক দিনেও কল্যাণপুর, আগারগাঁও, ফার্মগেট, তেজতুরী বাজার ও গুলশান এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ডিএনসিসি। উচ্ছেদের পাশাপাশি জরিমানা ও মামলা করা হয়। তবে উচ্ছেদের কয়েক দিন পরেই দখলের চিত্র আগের অবস্থায় ফিরে যায়।
এ বিষয়ে মেয়র আনিসুল হক গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমরা সব সময় অবৈধ দখলদারদের পেছনে লেগে আছি। গুলশান, বনানী ও মহাখালী এলাকার দখল অনেকটাই কমেছে। তবে বারবার বলার পরেও গুলশান ১ নম্বর ডিএনসিসি মার্কেটে কিছু অবৈধ দখল এখনো আছে। এরপর থেকে অবৈধ দখলদারদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।’
আগারগাঁও থেকে মিরপুর ২ নম্বর পর্যন্ত ৬০ ফুট প্রস্থের নতুন হওয়া সড়কটি ‘৬০ ফুট রাস্তা’ নামে পরিচিত। সড়কটিতে ২০১৪ সালের শেষ দিকে যান চলাচল শুরু হয়। কিন্তু বছর না ঘুরতেই সড়কটির অনেকাংশ অবৈধভাবে দখল হয়ে গেছে। সড়ক ও ফুটপাতে গড়ে উঠেছে দোকানপাট, রিকশা মেরামতের দোকান ও বাজার।
গত সোমবার এই সড়কে অভিযান চালিয়ে ৫০০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ডিএনসিসি। এ সময় পাঁচজনকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার দেখা যায়, পশ্চিম আগারগাঁও ও বিএনপি বাজার এলাকায় ফুটপাতের পাশের দোকানদারেরা বিভিন্ন ধরনের সামগ্রী রেখেছেন ফুটপাতে। বাড়িঘরের নির্মাণসামগ্রী রাখায় ফুটপাত দিয়ে পথচারীদের চলাচল বন্ধ। সড়কের ওপরেই গাড়ি ও মোটরসাইকেল রেখে চলছে মেরামত।
ঢাকা উত্তরে দেড় লাখের বেশি দোকান আছে। দোকানমালিকেরা দোকানের জন্য জায়গার বাইরেও সড়ক ও ফুটপাতে মালপত্র রাখেন। রেস্তোরাঁর মালিকেরা চুলা রাখছেন ফুটপাতে। অথচ সিটি করপোরেশনের বরাদ্দ করা জায়গার বাইরে মালামাল রাখার নিয়ম নেই।
গত ৩১ আগস্ট কল্যাণপুর এলাকার প্রায় তিন কিলোমিটার সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ২৩০টি দোকান উচ্ছেদ করে ডিএনসিসি। অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদের পাশাপাশি যাত্রীসাধারণের ব্যবহারের পরিবর্তে অবৈধভাবে দোকান হিসেবে ব্যবহৃত হচ্ছিল এমন দুটি যাত্রীছাউনি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়।
গতকাল দেখা যায়, উচ্ছেদ করা জায়গায় আবার স্থাপনা গড়ে উঠেছে। দোকানমালিকেরা আবার সেই অংশে তাঁদের পসরা সাজিয়ে বসেছেন। কল্যাণপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন বিআরটিসি বাস ডিপোর একটু সামনেই গড়ে উঠেছে ভাতের দোকান। ফুটপাতের ওপরে সারি দিয়ে গড়ে তোলা হয়েছে অস্থায়ী দোকানপাট।