উচ্ছেদ অভিযান, পুলিশের গুলি
রাজধানীর বনানী সুপার মার্কেটের বারান্দায় রাখা মালামাল ও অবৈধ স্থানে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করার সময় গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশের ছররা গুলিতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ব্যবসায়ী, দোকান কর্মচারীসহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহানগরের ৪৪ কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে বনানী সুপার মার্কেটের অবস্থান। ১৪ তলা নির্মাণাধীন এই মার্কেটের নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত ২৩০টি দোকান আছে।
বনানী থানার পুলিশ জানায়, ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা সকাল ১০টার পর বনানীর সুপার মার্কেটের দোকান খোলেন। তাঁরা বাইরে মালপত্র রেখে ভেতরে দোকান পরিষ্কার করছিলেন। বেলা পৌনে ১১টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান চালাতে যান। ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে একদল পুলিশ ছিল। মার্কেটে পৌঁছানোর পর ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের জানান, তিনি অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে এসেছেন। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে ম্যাজিস্ট্রেটের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ব্যবসায়ীরা তাঁকে ঘিরে ফেলেন। এ সময় ম্যাজিস্ট্রেট পুলিশকে গুলি চালানোর নির্দেশ দেন। পুলিশ শটগান দিয়ে এলোপাতাড়ি ছররা গুলি চালালে ব্যবসায়ী, কর্মচারীসহ অন্তত ১৫ জন আহত হন। এ সময় মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ দল নিয়ে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল ত্যাগ করেন।
আহত ব্যক্তিদের মধ্যে ব্যবসায়ী আলমগীর হোসেন (৩৫), আবদুল হালিম (৩৫), দোকান কর্মচারী জামাল হোসেন (৩০), মিন্টু সরকার (২৫), খোকন সরকার (৩৬) ও শেখ রানাকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া যায়।
ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা জানিয়েছেন, মাথা-কপালসহ আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি লেগেছে। আহত অন্য নয়জনকে শেরেবাংলা নগরের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে, গুলশানের ইউনাইটেড হাসপাতাল ও কুর্মিটোলার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
ব্যবসায়ী ফারহানা শিকদার জানান, বিনা নোটিশে ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান চালাতে আসেন। ম্যাজিস্ট্রেট মার্কেটের বারান্দায় রাখা কিছু বেঞ্চ, মালপত্র বাইরে ফেলে দেওয়ার নির্দেশ দেন এবং মার্কেটের বর্ধিতাংশে একটি রেস্তোরাঁয় দুটি দোকান উচ্ছেদ করতে যান। ম্যাজিস্ট্রেট কয়েকজনকে তিন থেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ও তা আদায় করেন। এ সময় দোকানমালিকেরা দোকানের বৈধ কাগজপত্র দেখাতে চাইলে তিনি তা না দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং গুলি চালানোর নির্দেশ দেন।
বনানী সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ওরফে আজাদ প্রথম আলোকে জানান, এই মার্কেটে কোনো অবৈধ দোকান নেই। বসতে অনুরোধ করলেও ম্যাজিস্ট্রেট তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। ম্যাজিস্ট্রেট তাঁর কাছে জানতে চান, নিপু নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে কি না? তিনি না-সূচক জবাব দিলে ক্ষুব্ধ হয়ে ওঠেন ম্যাজিস্ট্রেট।
মাহমুদ হাসান অভিযোগ করেন, নিপু ঢাকা উত্তর সিটি করপোরেশনের দালালির সঙ্গে জড়িত। তাঁর প্রভাবে ম্যাজিস্ট্রেট উদ্দেশ্যমূলকভাবে এ অভিযান চালান। এ ঘটনায় তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে ম্যাজিস্ট্রেটের বিচার দাবি করেন। ওই কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। যোগাযোগ করা হলে ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানকে মুঠোফোনে পাওয়া যায়নি।
পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার নুরে আলম জানান, বনানী সুপার মার্কেট-ঘেঁষে ও ফুটপাতে গড়ে ওঠা অস্থায়ী কিছু দোকান উচ্ছেদ করতে গেলে ওই মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা ম্যাজিস্ট্রেটকে বাধা দেন এবং তাঁকে ঘেরাও করে ফেলেন। এ সময় ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি চালায় পুলিশ।