উচ্ছেদ অভিযান স্থগিতের জন্য ছয়টি প্রতিষ্ঠানের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতলক্ষ্যা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য দেওয়া নোটিশের কার্যকারিতা স্থগিতের জন্য সিটি গ্রুপসহ ছয়টি প্রতিষ্ঠানের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ টি এম ফজলে কবীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ খারিজ আদেশ দেন।তবে উচ্ছেদ নিয়ে সিটি গ্রুপের আবেদন আপিল বিভাগে বিচারাধীন থাকায় আদালত এক মাসের জন্য প্রতিষ্ঠানগুলোর উচ্ছেদ কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন। অন্য শিল্প-প্রতিষ্ঠানগুলো হলো আকিজ সিমেন্ট, মোল্লা সল্ট, এসিআই লিমিটেড, স্ক্যান সিমেন্ট ও কামাল ভেজিটেবল অ্যান্ড অয়েল লিমিটেড। জানা যায়, গত বছরের ২৫ জুন চারটি নদী রক্ষায় হাইকোর্টের দেওয়া রায় সংশোধন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ৯ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) দেওয়া নোটিশের কার্যকারিতা স্থগিতের জন্য প্রতিষ্ঠানগুলো ১৮ মার্চ হাইকোর্টে আবেদন করে। ওই দিন শুনানি গ্রহণের পর আদালত ২১ মার্চ আদেশের দিন ধার্য করেন।আদালত বলেন, এর আগে হাইকোর্টের রায়ে নির্দেশনার আলোকে নদী জরিপ করে সীমানা নির্ধারণের পর উচ্ছেদের কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে রায়ে হস্তক্ষেপের প্রশ্নই আসে না। বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি (বিআইডব্লিউটিএ) ইজারাদারদের পক্ষ নিয়ে তাদের বৈধ স্থাপনা না ভাঙার জন্য লিখিত আবেদন জমা দিয়েছে, যা দুর্ভাগ্যজনক। আদালতে মূল রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এবং প্রতিষ্ঠানগুলোর পক্ষে রফিক-উল হক, রোকনউদ্দিন মাহমুদ, মাহমুদুল ইসলাম ও আবদুল বাছেত মজুমদার মামলা পরিচালনা করেন।