উচ্ছেদ অভিযানে তহশিলদারের লোকজনের হামলা, আহত ৫
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের তহশিলদার মুখেশ চন্দ্র রায়ের বিরুদ্ধে গতকাল সোমবার উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে বন বিভাগের পাঁচ কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।
এ ছাড়া তহশিলদার মুখেশ চন্দ্র রায়ের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে বন বিভাগের জায়গা দখলের অভিযোগ উঠেছে।
উপজেলার আফতাবগঞ্জ বিটের কর্মকর্তা মো. শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তহশিলদার মুখেশ, তাঁর স্ত্রী দুলালী রানী ও শ্যালক মিঠুন চন্দ্র রায় জালিয়াতির মাধ্যমে বন বিভাগের পৌনে ১৪ শতক জায়গা তাঁদের বলে আদালত থেকে একটি আদেশ নিয়ে আসেন। তাঁরা গত ২৭ নভেম্বর রাত থেকে সেই জায়গায় ইটের ঘর তুলতে থাকেন। বিষয়টি বন বিভাগ জানতে পেরে বাধা দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলিশ নিয়ে স্থাপনা নির্মাণ বন্ধেরও নির্দেশ দেন। কিন্তু মুখেশ সেই নির্দেশ না মেনে দলবল নিয়ে রাতের আঁধারে তিনটি ইটের ঘর তৈরি করেন। বন বিভাগ আদালতে গিয়ে জানতে পারে, আদালত জায়গাটি মুখেশের বলে একটি আদেশ দিয়েছেন। পরে বন বিভাগ নথিপত্র দাখিল করলে আদালত মুখেশকে দেওয়া আদেশটি বাতিল করে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব কার্যক্রম স্থগিত করেন।
চরকাই রেঞ্জ কর্মকর্তা মো. গাজী মনিরুজ্জামান বলেন, দিনাজপুর বন বিভাগের সহকারী বন পরিদর্শক মো. রফিকুজ্জামান, মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. রঞ্জিবুল আমিন, চরকাই রেঞ্জ কর্মকর্তা গাজী মনিরুজ্জামান, নবাবগঞ্জ বিট কর্মকর্তা নিশিকান্ত মালাকারসহ বন বিভাগের অন্য কর্মকর্তা-কর্মচারীরা গতকাল সকালে মুখেশের তৈির অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যান। এ সময় মুখেশ, দুলালী, মিঠুনের নেতৃত্বে ১৫-১৬ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করে। এতে নবাবগঞ্জ বিট কর্মকর্তা নিশিকান্ত মালাকারের ডান হাতের কবজি ভেঙে যায়। এ ছাড়া বন বিভাগের আরও চারজন কর্মকর্তা-কর্মচারী আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে মুখেশ চন্দ্র মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। জমির বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁর স্ত্রী সবকিছু জানেন।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন গতকাল রাত সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই হামলার ঘটনায় আফতাবগঞ্জ বিটের কর্মকর্তা শরিফুল বাদী হয়ে মুখেশ, দুলালী, মিঠুনসহ ১৫-১৬ জন হামলাকারীর বিরুদ্ধে থানায় একটি এজাহার দিয়েছেন। এটি মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।