উচ্ছেদ অভিযানে দখলমুক্ত কেরানীহাটের ফুটপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে গতকাল উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালায়। ছবিটি দুপুরে তোলা l প্রথম আলো
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে গতকাল উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালায়। ছবিটি দুপুরে তোলা l প্রথম আলো

সাতকানিয়া উপজেলার কেরানীহাটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রায় এক কিলোমিটার ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা করছিলেন দেড় শতাধিক দোকানি ও হকার।
গতকাল সোমবার বেলা ১১টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ। এ সময় সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন, পরিদর্শক (তদন্ত) আবদুল জলিলসহ থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, কেরানীহাটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফুটপাত দখল করে দেড় শতাধিক দোকানি ও হকার বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসতেন। এতে পথচারীদের ফুটপাত ছেড়ে সড়কের ওপর দিয়ে চলতে হতো।
তা ছাড়া সড়কের দুপাশ দোকানি ও হকাররা দখল করে রাখায় গাড়িতে যাত্রী ওঠা-নামা করতে গিয়ে নিত্যদিন যানজটের সৃষ্টি হতো।
উচ্ছেদ অভিযানের পর কেরানীহাট এলাকার বাসিন্দা আহমদ কবির (৬০) ও মো. খাইরুল ইসলাম (৪২) বলেন, অনেক দোকানি ফুটপাত দখল করে রড ও পাইপ সাজিয়ে রাখতেন। তা ছাড়া পুরো ফুটপাতই হকারদের দখলে ছিল। উচ্ছেদের ফলে এখন ফুটপাত দিয়ে স্বচ্ছন্দে চলাচল করা যাচ্ছে।
তবে উচ্ছেদ হওয়া হকার মো. কামাল উদ্দিন (৩৮) বলেন, ‘আমরা গরিব মানুষ। অল্প পুঁজি নিয়ে ফুটপাতে বসে ব্যবসা করি। উচ্ছেদের আগে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করার দরকার ছিল।’ তিনি দ্রুত হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করার দাবি জানান।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ প্রথম আলোকে বলেন, কেরানীহাট এলাকার ফুটপাত দখলমুক্ত করতে মতবিনিময় সভাসহ বিভিন্ন সময়ে মাইকিং করা হয়েছে। তারপরও কিছু দোকানি মহাসড়কের ফুটপাত থেকে পণ্য সরিয়ে নেননি। বেশির ভাগ হকার ফুটপাত না ছাড়ার কারণে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
ইউএনও মোহাম্মদ উল্যাহ বলেন, কেউ নতুন করে ফুটপাত দখল করার চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাস্তির ব্যবস্থা
করা হবে।