উচ্ছেদ অভিযানে দখলমুক্ত চকরিয়ার ফুটপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভা অংশের ১ কিলোমিটার এলাকার ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কের পাশের এই ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা করছিলেন শতাধিক হকার। গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসন ও পৌরসভা ফুটপাতে উচ্ছেদ অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম। এ সময় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান ও পৌরসভার সচিব মাসউদ মোরশেদ উপস্থিত ছিলেন।
চকরিয়া পৌর শহরের সোসাইটি এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফুটপাত দখল করে প্রতিদিন শতাধিক হকার বিভিন্ন পণ্যের পসরা নিয়ে বসতেন। এতে সবচেয়ে বেশি সমস্যা হতো পথচারীদের। ফুটপাত ছেড়ে সড়কের ওপর দিয়ে চলতে হতো।
অভিযানের পর পৌর এলাকার বাসিন্দা মো. আবু তৈয়ব বলেন, হকার উচ্ছেদের ফলে ফুটপাত দিয়ে স্বচ্ছন্দ্যে চলাচল করা যাচ্ছে। তবে উচ্ছেদ হওয়া হকার আবু ছৈয়দ (৪২) বলেন, অল্প পুঁজিতে ফুটপাতে বসে ব্যবসা করা যায়। হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করার দাবি জানান তিনি।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে পত্রিকায় বিজ্ঞাপন ও মাইকিং করা হয়। কিছু হকার ফুটপাত ছেড়ে দিলেও বেশির ভাগ হকার ফুটপাত না ছাড়ার কারণে উচ্ছেদ অভিযান চালানো হয়। যেকোনো উপায়ে ফুটপাত দখলমুক্ত রাখা হবে।