উচ্ছেদ অভিযানে বস্তিবাসীর বাধা
আবাসন প্রকল্পের জায়গা দখল করে গড়ে ওঠা বস্তি উচ্ছেদে অভিযান চালাতে গিয়ে আজ বৃহস্পতিবার বাধার মুখে পড়েন ভ্রাম্যমাণ আদালত। পরে পুলিশ সদস্যরা রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বস্তিবাসীকে ছত্রভঙ্গ করে দেয়। দুপুর দেড়টার দিকে নগরের বিশ্বকলোনির লেকসিটি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।
এই অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের বিশ্বকলোনির পাশে লেকসিটি আবাসন প্রকল্প বাস্তবায়ন করছে সিটি করপোরেশন। আবাসন প্রকল্পের প্রায় ছয় শতক জায়গা দখল করে সেখানে বস্তি গড়ে তোলা হয়। আজ বেলা ১১টার দিকে এই বস্তি উচ্ছেদ করার জন্য অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বেলা দেড়টার দিকে প্রায় ৪০ জন লোক সিটি করপোরেশনের লোকজনের ওপর পাথর ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ বাধা নয়টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের ১০টি শেল ছুড়ে বাধা দানকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে জানান, সিটি করপোরেশনের জায়গা দখলমুক্ত করতে গেলে সেখানে বসবাসরত লোকজন বাধা দেয় এবং পাথর নিক্ষেপ করে। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে সিটি করপোরেশনের জায়গায় স্থাপন করা ১২টি বসতঘর উচ্ছেদ করা হয়।
নগরের আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা দেওয়া ব্যক্তিদের সরাতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।