উচ্ছেদ অভিযানে স্বাভাবিক হচ্ছে শীতলক্ষ্যার গতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের কাঁচপুরে শীতলক্ষ্যা নদী থেকে গত চার দিনে ছয় লাখ ঘনফুট মাটি ও বালু অপসারণ করা হয়েছে। নদীর প্রায় ২৫০ ফুট অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এতে নদী স্বাভাবিক গতিপ্রবাহ (নাব্যতা) ফিরে পেয়েছে।
শীতলক্ষ্যা দখলমুক্ত করতে গত বৃহস্পতিবার থেকে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
আজ মঙ্গলবার উচ্ছেদ অভিযান শেষ হলে নদীর তীরে ওয়াকওয়ের অসম্পূর্ণ অংশের নির্মাণকাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক আলমগীর কবির।
আলমগীর কবির জানান, বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত চার দিনে নদীর ভরাট করা ছয় লাখ ঘনফুট মাটি ও বালু তিনটি ভেকুর সাহায্যে অপসারণ করা হয়। পরে তা ২০টি ট্রাক ও একটি বাল্কহেডের মাধ্যমে অন্যত্র সরানো হয়।