উচ্ছেদ-আগুনে ১১৭১টি পরিবারের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্যাণপুর পোড়া বস্তিতে ২১ জানুয়ারির উচ্ছেদ এবং ২২ জানুয়ারির আগুনের ঘটনায় মোট ১ হাজার ১৭১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বেসরকারি সংস্থা নগর বস্তিবাসী উন্নয়ন সংস্থা (এনডিবাস) চার দিন ধরে বস্তির প্রতিটি ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করে এ সংখ্যা পেয়েছে।
২১ জানুয়ারি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের জমিতে গড়ে ওঠা কল্যাণপুর পোড়া বস্তি উচ্ছেদে আসে কর্তৃপক্ষ। বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ওই বস্তির বাসিন্দাদের কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে ওই দিন দুপুরে হাইকোর্ট ওই বস্তি উচ্ছেদ কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দিলে আংশিক উচ্ছেদ করেই ফিরে যায় হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কর্তৃপক্ষ।
এনডিবাসের করা তালিকা অনুযায়ী, ২১ জানুয়ারির উচ্ছেদে বস্তির ৭ নম্বর অংশে মোট ৪২২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বস্তির ৩ থেকে ৬ নম্বর অংশে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ২৫৫। ২ নম্বর অংশে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৩৫৭।
উচ্ছেদের পরের দিন ২২ জানুয়ারি সকালে বস্তির ৮ নম্বর অংশে আগুন লাগে। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। বস্তিবাসী অভিযোগ করেছিলেন, বস্তি উচ্ছেদ করতে ব্যর্থ হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগানো হয়েছিল। এনডিবাসের হিসাবে ওই দিনের আগুনে বস্তির ১৩৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
এনডিবাসের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হান্নান আকন্দ প্রথম আলোকে বলেন, অনেকের শেষ সম্বল ছিল বস্তির এই ঘর। উচ্ছেদ আর আগুনে হাজার খানেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। কেউ একটু সাহায্য করতে এগিয়ে আসেনি। তালিকা করা হয়েছে যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কোনোভাবে সাহায্য করা যায়।
গতকাল বুধবার দেখা যায়, বস্তির উচ্ছেদ করা অংশে ইট, কাঠ, টিন ছড়িয়ে-ছিটিয়ে আছে। ভাঙা ঘরের দীর্ঘ সারি। সেসব ঘরের বাসিন্দারা ওপরে পলিথিন টাঙিয়ে থাকার ব্যবস্থা করেছেন। সেখানেই রান্নার কাজ চলছে। বস্তির প্রবেশমুখে পুলিশের ১২-১৪ জন সদস্য সার্বক্ষণিক বসে আছেন।
চোখটা কি হারাবেন জাহাঙ্গীর?: বস্তির ৬ নম্বর অংশের বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম কালো রোদচশমা চোখে দিয়ে বসে আছেন। বাসচালকের সহকারী ২০ বছরের এই যুবকের বাঁ চোখে পুলিশের ছোড়া ছররা গুলির স্প্লিন্টার লেগেছে। চশমা খুলে দেখালেন রক্তে লাল হয়ে থাকা চোখ। চিকিৎসকেরা বলেছেন, অস্ত্রোপচার করে স্প্লিন্টার বের না করলে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবেন জাহাঙ্গীর।
তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় জাহাঙ্গীর। মা ও চার ভাইবোনের সংসার চলত জাহাঙ্গীরের আয়েই। একগাদা চোখের ড্রপ ও মুখে খাওয়ার ওষুধ দিয়েছেন চিকিৎসকেরা। চোখে আঘাত লাগার পর থেকেই তাঁর চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন পরিবারের সদস্যরা।
জাহাঙ্গীর বলেন, ‘বাম চোখে কিছু দেখি না। সব কেমন ঝাপসা লাগে। ডাক্তার কইছে তাড়াতাড়ি অপারেশন করতে। একে তো ঘর ভাঙা। ঘরে খাবার নাই। কাজে যাইতে পারতাছি না। কই থিকা টাকা জোগামু জানি না।’
শরীরে গুলির চিহ্ন: ভাঙারির দোকানদার মো. রিপনের মাথার খুলি, ঘাড়, পিঠ, হাতে কালো ছোট ছোট দাগ। ছররা গুলির স্প্লিন্টার শরীরের নানা জায়গায় বিঁধে আছে। গত ২১ জানুয়ারি উচ্ছেদের সময় বস্তিবাসীর সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার সময় একঝাঁক স্প্লিন্টার এসে রিপনের শরীরে ঢোকে।
রিপন বলেন, ‘পুলিশ দৌড়ানি দিলে পইড়্যা গেছিলাম। পিছন দিক থিকা গুলি করল। ওই রাইতেই জ্বর আইছিল। ব্যাথার ওষুধ খাইতাছি। তাও শরীর আর মাথায় ব্যথা করে।’
সাংবাদিক পরিচয় পেয়ে বস্তির অনেক বাসিন্দা এসে দেখালেন তাঁদের শরীরে বিঁধে থাকা স্প্লিন্টার। কয়েকজন ব্যথা সহ্য না করতে পেরে স্থানীয় ডাক্তার দেখিয়েছেন এবং স্প্লিন্টার বেরও করিয়েছেন। বস্তির ১ নম্বর অংশের একটি মুঠোফোন রিচার্জের দোকানের সাইনবোর্ডে দেখা গেল অর্ধশতাধিক ছররা গুলি লেগে তৈরি হওয়া ছিদ্র।