উচ্ছেদ আতঙ্কে আসাদগেট নিউ কলোনির বাসিন্দারা
রাজধানীর আসাদগেট নিউ কলোনির সাতটি ভবন ভেঙে সেখানে নতুন বহুতল ভবন তৈরির জন্য ১১৪টি পরিবারকে ফ্ল্যাট ছাড়তে হবে। বিষয়টি জানতে পেরে পরিবারগুলো অনিশ্চয়তার মুখে পড়েছে। ইতিমধ্যে ভবনগুলো ভাঙার দরপত্র করা হয়েছে এবং কাজ পাওয়া ঠিকাদারদের পক্ষে বহিরাগতরা সেখানে মহড়া দিতে শুরু করেছে। উদ্বিগ্ন বাসিন্দারা শনিবার রাতে এ বিষয়ে মোহাম্মদপুর থানায় জিডি করেছেন।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সেখানে নতুন যে সাতটি ভবন নির্মাণ করবে, তার ছয়টিতে ১৩২ জন সরকারি কর্মকর্তাকে ফ্ল্যাট দেওয়া হবে। গৃহায়ণ কর্তৃপক্ষ গত মাসের শেষ দিকে নিউ কলোনির বিভিন্ন ফ্ল্যাটে বসবাসকারীদের চিঠি দেয়। চিঠিতে বলা হয়, সরকারিভাবে পুনর্বাসনের জন্য ১২০টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প বাস্তবায়ন-সংক্রান্ত সরকারি প্রক্রিয়া শেষ হয়েছে। শিগগিরই বরাদ্দপত্র দেওয়া হবে। চিঠিতে ফ্ল্যাটের ভাড়াসহ সরকারি পাওনা (গ্যাস-বিদ্যুৎ-পানি ও পাম্পের বিদ্যুৎ বিল) হালনাগাদ পরিশোধের ছাড়পত্র সংগ্রহ করে গৃহায়ণ কর্তৃপক্ষের ঢাকা বিভাগ-২ দপ্তরে দাখিল করতে বলা হয়।
সরকারি কর্মকর্তাদের ১৩২টি ফ্ল্যাটের মধ্যে ১ হাজার ৮০০ বর্গফুটের (মূল ১৫০০) ৭৮টি এবং ১ হাজার ৫০০ বর্গফুটের (মূল ১২৫০) ৫৪টি ফ্ল্যাট থাকবে।
কলোনিতে বসবাসকারীদের জন্য নতুন ফ্ল্যাট বরাদ্দের বিষয়ে কোনো বিজ্ঞপ্তি এখন পর্যন্ত সংবাদপত্রে প্রচার করা হয়নি। তবে তাঁদের ৮৭৫ বর্গফুটের ফ্ল্যাট দেওয়া হবে বলে জানিয়েছে গৃহায়ণ কর্তৃপক্ষ।
গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, পুরোনো ভবনগুলো এক অর্থে বসবাসের অনুপযোগী। নতুন যে সাতটি ভবন নির্মাণ করা হবে, সেগুলোর একটিতে ১১৪টি পরিবারকে দুই থেকে আড়াই বছরের মধ্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। তবে বসবাসকারী অনেকেরই দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত ভাড়া বকেয়া রয়েছে। তাঁদের কাছে গ্যাস, বিদ্যুৎ, পানির বিলও পাওনা রয়েছে। সমুদয় টাকা পরিশোধ করার জন্য চিঠি দেওয়া হয়েছে। কেউ কেউ ইতিমধ্যেই বকেয়া পরিশোধ করেছেন। শিগগিরই বরাদ্দপত্র দেওয়া হবে।
বসবাসকারীদের আপাতত কোথাও পুনর্বাসন করা হবে কি না, এ প্রশ্নে চেয়ারম্যান বলেন, সে রকম কোনো সুযোগ বা ক্ষমতা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নেই। তিনি জানান, সরকারি কর্মকর্তাদের ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম ধরা হয়েছে সাড়ে চার হাজার টাকা। চার কিস্তিতে টাকা শোধ করা যাবে। আর বর্তমানে বসবাসকারীদের জন্য প্রতি বর্গফুট ৪ হাজার ১৫০ টাকা। তাঁদের আট কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ দেওয়া হবে।
১৯৬২ সালে সাতটি ভবন নির্মাণের পর থেকে নিউ কলোনিতে অনেকেই বসবাস করছেন। এঁদের মধ্যে ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তি ও পরিবার, ’৭১-এর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রখ্যাত সাংবাদিকও রয়েছেন।
ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্য বলেন, যেকোনো সময় কলোনিবাসীদের উচ্ছেদ করা হবে বলে তাঁরা জানতে পেরেছেন। এই অবস্থায় তাঁরা কোথায় যাবেন, এ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে তাঁদের দিন কাটছে।