উচ্ছেদ আতঙ্কে কুলাউড়ায় ভূমিহীনদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মনছড়া গ্রামে বসবাসকারী ভূমিহীনেরা উচ্ছেদের প্রতিবাদে এবং স্থায়ী বন্দোবস্তের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন। গতকাল শনিবার মনছড়ার নজরুল-এনাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই কর্মসূচির আয়োজন করে ‘মনছড়া বস্তি গ্রাম উন্নয়ন ও রক্ষা কমিটি।’
মানববন্ধন শেষে ওই কমিটির সভাপতি মন্তাজ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবদুল মালিকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল মতিন, পরিবহন শ্রমিক নেতা আবদুল ওয়াহিদ, উপাধ্যক্ষ আবদুল হান্নান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ৫৩ বছর ধরে ভূমিহীন লোকজন মনছড়ায় বসবাস করছেন। প্রায় চার দশক ধরে গ্রামবাসী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত। মনছড়া গ্রামে তিনটি মসজিদ, একটি প্রাথমিক বিদ্যালয়, পাঁচটি সরকারি সামাজিক বনায়ন, ছনখলা, কাঁঠাল ও লেবুবাগান এবং বহু পানজুম রয়েছে। কিন্তু পাশের কালিটি চা-বাগানের মালিক এই এলাকার তিন শতাধিক একর ভূমি ইজারা নেওয়ার পাঁয়তারা করছেন। এতে উচ্ছেদ আতঙ্কে ভুগছেন দেড় শতাধিক পরিবারের প্রায় আড়াই হাজার মানুষ।
এর আগে শুক্রবার উচ্ছদের প্রতিবাদে এলাকাবাসী স্থানীয়ভাবে প্রতিবাদ সমাবেশ করেছেন। আজ রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ে উচ্ছেদের পাঁয়তারা বন্ধ এবং এখানে বসবাসকারী ভূমিহীনদের মধ্যে খাসজমি স্থায়ীভাবে বন্দোবস্তের দাবিতে সঞ্চারকলিপি দেওয়া হবে।
আবদুল মালিক বলেন, ‘আমার জন্ম মনছড়ায়। এখন আমার বয়স ৪৫ বছর। এত দিন ধরে আমরা আছি। কালিটি চা-বাগানের মালিক এই জমি সরকার থেকে ইজারা নেওয়ার চেষ্টা করছেন। এই জমি ইজারা দেওয়া হলে এখানকার সব ভূমিহীন উচ্ছেদ হয়ে যাবে।’ তিনি আরও জানান, কয়েক দিন আগে এলাকার ইউনিয়ন পরিষদের রাস্তায় বাগান কর্তৃপক্ষ কাজ করান। এ সময় কর্মরত শ্রমিকেরা গ্রামবাসীকে জানান, মনছড়ার ভূমি বাগান মালিক ইজারা নিয়েছেন। সবাইকে এই জায়গা ছেড়ে দিতে হবে। এ থেকেই উচ্ছেদ আতঙ্ক শুরু হয়েছে।
কালিটি চা-বাগানের মালিক কয়ছর আহমদ বলেন, ‘মনছড়ায় ৯০০ একরেরও বেশি খাসজমি আছে। এখানে অনেক সেটেলার (বসতিস্থাপনকারী) আছে। সামাজিক বনায়ন হয়েছে। কিন্তু এর মধ্যে ৩০৯ একরের মতো খালি জায়গা আছে। চা-বাগান সম্প্রসারণ করতে ওই খালি জায়গার জন্য আবেদন করেছি। যেখানে বসতি আছে, সে জায়গার জন্য আবেদন করিনি।’