উচ্ছেদ আতঙ্কে শ্রীমঙ্গলের দুটি পুঞ্জির আদিবাসীরা
‘আমরা ভূমিহীন। উচ্ছেদ করলে আমরা যাব কোথায়? আমরাও এ দেশের নাগরিক। আমাদেরও বাঁচার অধিকার আছে।’ নিজেদের বর্তমান পরিস্থিতির কথা এভাবেই বর্ণনা করলেন আসলমপুঞ্জির সহকারী পুঞ্জিপ্রধান ডিবারমিন পতাম।মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নাহার খাসিয়াপুঞ্জি-১ (আসলমপুঞ্জি) ও নাহার খাসিয়াপুঞ্জি-২-এর আদিবাসী খাসিয়াদের মধ্যে উচ্ছেদ আতঙ্ক বিরাজ করছে। গত রোববার আদিবাসী ফোরামের নেতারা পুঞ্জি দুটি পরিদর্শন করেন।সরেজমিনে খাসিয়াদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় তিন দশক ধরে আসলমপুঞ্জি ও ২ নম্বর নাহার খাসিয়াপুঞ্জিতে খাসিয়ারা বাস করছে। নাহার চা-বাগানের আগের মালিকের কাছ থেকে জমি ইজারা নিয়ে আদিবাসীরা দুটি পুঞ্জিতে প্রায় সাড়ে ৪০০ একর জমিতে পান, সুপারি, ফলদ ও বনজ গাছপালা লাগিয়ে জীবিকা নির্বাহ করছে। বর্তমানে আসলমপুঞ্জিতে ২৮টি পরিবার এবং ২ নম্বর পুঞ্জিতে ৩৫টি পরিবার বাস করছে। এদিকে নাহার চা-বাগান কর্তৃপক্ষ বন বিভাগের অনুমতি নিয়ে এই দুটি খাসিয়াপুঞ্জি ও পান-জুমের বিভিন্ন জাতের গাছ বিক্রি করে দেন।ডিবারমিন পতাম অভিযোগ করেন, বন বিভাগের চিহ্নিত (মার্কিং) করা গাছের বাইরেও গাছ কাটা হয়েছে। তিনি বলেন, ‘এখন আমাদের ভয় হচ্ছে। চিহ্নিত করা গাছের বাইরে গাছ কাটার অভিযোগে আমাদের বিরুদ্ধে মামলা হতে পারে।’আদিবাসীরা জানান, পান-জুমের ভেতর হাতি ও বাইরের লোকজন ঢুকলে পানের গাছ ‘উতরাম’ নামে ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়। পানের গাছ নষ্ট হলে তাঁদের আর জীবিকার কোনো উপায় থাকবে না। তাঁরা এখন ভয়ের মধ্যে আছেন। কিছুদিন আগে তাঁদের জুমের বেশ কিছু গাছ রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কেটে ফেলে। তাদের মধ্যে এখন উচ্ছেদ আতঙ্ক বিরাজ করছে।বৃহত্তর সিলেট খাসি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি এন্ড্রু সলোমার প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই খাসিয়ারা যেভাবে ছিল, সেভাবেই শান্তিতে ও নিরাপদে থাকুক। কোনো কিছু করা হলে তাদের (আদিবাসী) সঙ্গে আলোচনা সাপেক্ষেই হোক।’বাংলাদেশ আদিবাসী ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা প্রথম আলোকে বলেন, ব্যক্তি ও প্রতিষ্ঠানের লাভের জন্য বিশেষত আদিবাসীদের জীবিকার ক্ষতি করা ঠিক নয়। তিনি বলেন, একদিকে পরিবেশ রক্ষার কথা বলা হচ্ছে, অন্যদিকে বিভিন্ন স্থানে শত শত গাছ কেটে ফেলা হচ্ছে।নাহার চা-বাগানের ব্যবস্থাপক পীযূষ কান্তি ভট্টাচার্য গত সোমবার (১৩ ডিসেম্বর) প্রথম আলোকে বলেন, আদালত এক হাজার ৮৮৬টি গাছ কাটার অনুমতি দিয়েছেন। আর হাতি ছাড়া গাছ নামানো সম্ভব নয়। তিনি বলেন, গাছ টানতে এখন গাছ ভাঙা বা পানের ক্ষতি হওয়ার কথা নয়। তিনি জানান, পানের পুঞ্জি থেকে আদিবাসীদের উচ্ছেদের কোনো চিন্তা নেই। তবে চা-বাগান সম্প্রসারণ করতে হচ্ছে। আদিবাসীরা চা-বাগানে কাজ করতে পারবেন। তিনি জানান, আদিবাসীদের কাছে ভূমি ইজারা দেওয়া হয়নি। তাঁদের কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই চুক্তির মেয়াদ ২০০৭ সালে শেষ হয়ে গেছে।মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ‘তারা (আদিবাসী খাসিয়ারা) একটি আপত্তি দিয়েছিল। আমি স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে খোঁজ নিয়েছি। আমাকে জানানো হয়েছে, এটা সুপ্রিম কোর্টের আদেশে নির্ধারিত হয়ে গেছে। আদালত চা-বাগানের পক্ষে রায় দিয়েছেন।’