উচ্ছেদ আশঙ্কায় মুচি সম্প্রদায়
চট্টগ্রাম নগরের বাগমনিরাম ওয়ার্ডের রবি দাশ কলোনির মুচি সম্প্রদায়ের ৬৫ পরিবার উচ্ছেদ আশঙ্কায় দিন কাটাচ্ছে। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ আশঙ্কার কথা জানান কলোনির বাসিন্দারা। একই দাবিতে সংবাদ সম্মেলনের আগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১৮৩৬ সালে সৈনিকদের জুতা সেলাইয়ের জন্য ভারতের বেনারস থেকে মুচিদের এখানে আনা হয়। পরে ব্রিটিশ সরকার তাদের এই এলাকায় থাকার ব্যবস্থা করে। এখানে বর্তমানে মুচি সম্প্রদায়ের ৬৫ পরিবারের প্রায় ৪০০ লোক বাস করছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, এই কলোনিতে কৃষ্ণমন্দির এবং শ্রীশ্রী শিবমন্দির নামে দুটি প্রাচীন মন্দির রয়েছে। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে কৃষ্ণমন্দির ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেই জায়গাটি বেহাত হয়ে যায়। এখন মুচি সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে। এই অবস্থায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তাঁরা।