উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে ভ্রাম্যমাণ আদালত
ভোলার দৌলতখান পৌরসভার সড়ক অবৈধ দখলমুক্ত করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত গত শনিবার বিকেলে বাধার মুখে পড়েন। অভিযানের সময় দখলকারী ও স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ করেন ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে লাগাতার ধর্মঘটের ডাক দেন।
পরে মেয়র ও আওয়ামী লীগের স্থানীয় নেতারা সমঝোতার ইঙ্গিত দিলে গতকাল রোববার বেলা ১১টায় তাঁরা ধর্মঘট প্রত্যাহার করে নেন। গতকাল দুপুরে দৌলতখান পৌরসভায় গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশ ও সড়কের কিছু অংশ দখল করে লোকজন ব্যবসা করছে। সড়কের মধ্যে ইট-বালু রেখে জট সৃষ্টি করেছে। সড়কের মধ্যে বাজার বসানোয় মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। পথচারী ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, দখলদার লোকেরা রাজনৈতিক নেতাদের সমর্থনে সরকারি সড়ককে নিজেদের সম্পত্তি বানিয়েছেন।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাকিম মো. মোস্তাফিজুর রহমান বলেন, গত শনিবার বিকেলে তিনি পুলিশকে সঙ্গে নিয়ে দৌলতখান পৌরসভার উত্তর থেকে দক্ষিণ বাজার পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ দখল উচ্ছেদের জন্য অভিযান চালান। উত্তর বাজারের সড়কের মাঝে জুনায়েদের চায়ের দোকান উচ্ছেদ করতে গেলে তিনি বাধার সম্মুখীন হন। এ সময় অবৈধ দখলকারীরা বিক্ষোভ করেন। পরে বাজারের ব্যবসায়ীরা যোগ দেন।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, অবৈধ দখল উচ্ছেদের নামে ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। ফলে তাঁর বিরুদ্ধে ব্যবসায়ীদের এ আন্দোলন।
তবে নির্বাহী হাকিম মো. মোস্তাফিজুর রহমান বলেন, অবৈধ জাল বিক্রেতা, জেলে ও চোরাইপথে তেল-চিনিসহ মালামাল পাচারকারীদের বিরুদ্ধে বিগত সময়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। তাঁদের উসকানিতে ব্যবসায়ীরা গতকাল ১১টা পর্যন্ত দোকান বন্ধ রাখেন।
পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম নবী বলেন, অবৈধ দখলকারীরা দৌলতখান শহরে যানজট সৃষ্টি করছে। যত্রতত্র দোকান বসিয়ে ব্যবসা করছে। বিগত সময়ে বিভিন্ন অবৈধ কাজের বিরুদ্ধে অভিযান চালালে ব্যবসায়ীরা প্রতিবাদমুখর হয়ে ওঠেন। ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল তাঁদের বলেছেন, দৌলতখান এসে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার পর ব্যবসায়ীরা ধর্মঘট তুলে নিয়েছেন।