উচ্ছেদ করা গেল না অবৈধ কার্যালয়টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতে উচ্চ আদালতের রায়ের কপি, সঙ্গে পুলিশ, বিজিবি, বুলডোজার, ভাঙার কাজের জন্য শ্রমিক, দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং খুলনা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তারা। এরপরও গত বৃহস্পতিবার দিনভর চেষ্টায় খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমান উচ্ছেদ করতে পারেননি দৌলতপুরে নির্মাণাধীন আওয়ামী লীগের অবৈধ কার্যালয়টি।
জনস্বার্থে করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ ২৬ মে ওই অবৈধ স্থাপনা ৭২ ঘণ্টার মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন।
আদালতের নির্দেশের পর বৃহস্পতিবার সকাল থেকে এটি উচ্ছেদের শুরু করে জেলা প্রশাসন। কিন্তু আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাধায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অভিযান স্থগিত রেখে ফিরে আসে তারা।
গতকাল শুক্রবার সকালে অভিযান শুরু করতে গেলে আবারও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধার মুখে পড়ে প্রশাসন। বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে স্থাপনার কাছে ভিড়তেই পারেননি পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। দুই ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে কিছু পুলিশ রেখে ফিরে যান তাঁরা। তবে আগের দিন ভেঙে ফেলা দুটি পিলারের মাটির নিচের অংশ এদিন অপসারণ করা হয়।
দৌলতপুর বাসস্ট্যান্ড এলাকায় সওজের জায়গায় দলীয় কার্যালয় নির্মাণ করার শুরু করে দৌলতপুর থানা আওয়ামী লীগ। ১০ মে নকশাবিহীন ভবন অপসারণের জন্য খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) পক্ষ থেকে আওয়ামী লীগের নেতাদের চিঠি দেওয়া হয়। ৫ মে দৌলতপুর থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন সংস্থাটির উপবিভাগীয় প্রকৌশলী মামুন কায়সার। এরপরও কাজ বন্ধ হয়নি।
সরেজমিনে দেখা গেছে, প্রায় দুই শতক জমির ওপর নির্মাণাধীন ওই পাকা ভবনটিতে ১০টি কলামের ওপর ছাদ ঢালাই দেওয়া হয়েছে। ভবনের সামনে ‘কার্যালয়, বাংলাদেশ আওয়ামী লীগ দৌলতপুর থানা’—লেখা সাইনবোর্ড। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি-সংবলিত ব্যানার ঝুলছে।
দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ জানান, উচ্ছেদ স্থগিত রাখার জন্য আইনজীবীর মাধ্যমে আপিল বিভাগে সময় চাওয়া হয়েছে। প্রশাসনের লোকজন কার্যালয়টি উচ্ছেদের জন্য এলে সেই কপি দেখানো হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, শুক্রবার কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। সন্ধ্যায় স্থানীয় সাংসদ ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক হবে।