উচ্ছেদ করা জায়গায় আবার উচ্ছেদ
রাজধানীর ধানমন্ডিতে উচ্ছেদ করা কয়েকটি জায়গায় আবারও উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এই উচ্ছেদ করা জায়গাগুলোতে পুনরায় অবৈধ স্থাপনা গড়ে তুলেছিলেন ভবন ও প্রতিষ্ঠানের মালিকেরা।
গত রোববার প্রথম আলোতে ভবনের বেসমেন্ট বা ভূতলের গাড়ি রাখার জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের রাজউকের চলমান অভিযান নিয়ে ‘রাজউকের উচ্ছেদ অভিযান, ফলাফল শূন্য’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যেখানে উচ্ছেদের পর তদারকি না থাকায় আগে উচ্ছেদ করা গুলশান, ধানমন্ডি, কলাবাগান ও পান্থপথের অন্তত ৬০টি জায়গায় পুনরায় অবৈধ স্থাপনা গড়ে ওঠার কথা বলা হয়।
প্রতিবেদনটি গোচরে এনে ধানমন্ডি এলাকায় গতকাল সোমবার পুনরায় উচ্ছেদের এই কার্যক্রম নেওয়া হয় বলে জানান রাজউকের জোন-৫-এর অথরাইজড অফিসার এ জেড এম শফিউল হান্নান। তিনি বলেন, এদিন কলাবাগান ও পান্থপথে আগের দেওয়া সময়ের মধ্যে গাড়ি রাখার জায়গা খালি না করায় অন্তত পাঁচটি ভবনের বেসমেন্টের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে পান্থপথের সুন্দরম টাওয়ারের নিচতলায় তিনটি বুথ সরিয়ে না নেওয়ায় ভবনমালিককে দুই লাখ টাকা জরিমানার পাশাপাশি তিন দিনের মধ্যে বুথগুলো সরিয়ে নেওয়ার জন্য মুচলেকা নেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বুথগুলোর মালিক তিনটি বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষকে চার লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকার আরেকটি ভবনের নিচতলায় সপ্তডিঙ্গা নামের একটি রেস্তোরাঁ গুঁড়িয়ে দেওয়া হয়।
শফিউল হান্নান আরও বলেন, একই দিনে কলাবাগানে পূর্বনির্ধারিত সময়ের মধ্যে গাড়ি রাখার জায়গা খালি না করায় লাজ ফার্মা নামের একটি ওষুধের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে মরণচাঁদ গ্র্যান্ড সন্স নামের একটি মিষ্টির দোকান।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে ১৮ জানুয়ারি থেকে রাজধানীর ধানমন্ডি, গুলশান ও উত্তরায় একযোগে উচ্ছেদ অভিযান শুরু করে রাজউক। এতে প্রথম দফায় দুই শতাধিক ভবনে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। দ্বিতীয় দফায় আলাদাভাবে কিছু অভিযান চালানো হলেও ৭ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত উচ্ছেদ অভিযানের জন্য নতুন একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয় রাজউকের পক্ষ থেকে। এখন চলছে চতুর্থ দফার অভিযান। এতে চিহ্নিত করা হয়েছে সাড়ে তিন হাজারের বেশি ভবন।