উচ্ছেদ করা জায়গায় আবার জমজমাট বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-বিড়ি-সিগারেট আর পানের টং-দোকান। বিক্রি হচ্ছে ফলমূল, শাকসবজি আর তরিতরকারি। আছে একাধিক খাবার হোটেল, ফ্লেক্সিলোডের দোকান। এমন গোটা ত্রিশেক দোকান মিলিয়ে সড়কের দুই পাশেই বসেছে এক জমজমাট বাজার। তা ছাড়া দিনভর রাস্তায় পিকআপ ভ্যানগাড়ি দাঁড় করিয়ে মাছও বিক্রি চলে সেখানে। আর যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা, তখন তো ফুচকা, চটপটি আর ঝালমুড়ি বিক্রেতারা রাস্তার ওপরই শুরু করেন বেচাবিক্রি। এ দৃশ্য উত্তরা ৩ ও ৫ নম্বর সেক্টরকে সংযুক্তকারী সেতুর ৩ নম্বর সেক্টরের অংশে।
গত বছরের শেষ দিকে সেতুসংলগ্ন রাস্তার দুই পাশে লেকপাড়ের এই জায়গা থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। উচ্ছেদের পর স্থানটি কাঁটাতার দিয়ে বেড়া দিয়ে সংরক্ষিত করে দেওয়া হয়েছিল। টানানো হয়েছিল ‘পানি উন্নয়ন বোর্ডের জায়গা’ লেখা সাইনবোর্ড। সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পর ফাঁকা জায়গায় লাগানো হয়েছিল ঔষধি কিছু গাছ। তবে এখন এসবের কিছুই নেই। উচ্ছেদের কয়েক মাস পরই আবার আগের মতোই বাঁশ পুঁতে, ত্রিপল টানিয়ে, মাচা তৈরি করে বসেছে কাঁচাবাজার এবং অন্যান্য পণ্যের দোকান।
সেক্টরের বাসিন্দাদের অভিযোগ, সেতুসংলগ্ন লেকপাড়ের জায়গাটিতে বাজার গড়ে ওঠায় সেক্টরের আবাসিক পরিবেশ নষ্ট হচ্ছে। লেকপাড়ে অবৈধ দখলের পরিমাণ দিন দিন বাড়ছে। সেতুর গোড়ায় বাজার হওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট।
সরেজমিনে দেখা যায়, সেতুর পূর্ব পাশে ৩ নম্বর সেক্টরের অংশে গড়ে ওঠা বাজারটিতে পাঁচ-ছয়টির মতো চা-সিগারেট ও পানের দোকান রয়েছে। আছে দুটি খাবার হোটেল। এসব দোকানে নাশতা কিংবা খাবার খেতে রাস্তার ওপরই রিকশা থামিয়ে রাখেন চালকেরা। ব্যক্তিগত গাড়ির চালকেরাও গাড়ি পার্ক করে চা-দোকানে বসেন। বাজারের ফল ও তরকারির দোকানের সামনে রিকশা থামিয়ে আসা-যাওয়ার পথে অনেকেই কিনে নেন দরকারি জিনিস। এসবের কারণে সারা দিন সেতুর ওপর লেগে থাকে যানজট। তা ছাড়া খাবার হোটেলের উচ্ছিষ্ট অংশসহ সবজি, তরকারি ও পচা ফলমূল সবই ফেলা হচ্ছে লেকের পানিতে।
বাজারের কারণে সেক্টরবাসী আর আগের মতো সকাল-বিকেল সেতুর পাড়ে গিয়ে সময় কাটাতেও পারছেন না। বাজার করতে আসা লোকজন এবং বহিরাগত যুবকদের আড্ডাবাজিতে সরগরম থাকছে স্থানটি। সন্ধ্যার পর রাস্তা দিয়ে গেলে গাঁজার গন্ধও পাওয়া যায়।
বাজারের একজন দোকানদার খন্দকার জাকির বলেন, ‘আগেও এই জায়গাতেই আমার দোকান ছিল। উচ্ছেদ করার কয়েক মাস পর আবার বসলাম।’ এখানে কীভাবে দোকান দিলেন জানতে চাইলে এ নিয়ে তিনি কিছু বলতে রাজি হননি। অপর এক দোকানি শাহ আলম বলেন, এখন যাঁদের দোকান আছে, আগেও তাঁদেরই দোকান ছিল। উচ্ছেদের পর নিজেরাই একত্রে আবার এখানে ব্যবসা শুরু করেছেন। ব্যবসা করতে কাউকে টাকা দিতে হয় কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘টাকা ছাড়া কি আর এখানে দোকান করন যাইব? কত জনরে দিতে হয়...।’
এ বিষয়ে উত্তরা ৫ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সেতুটির পশ্চিম পাশে ৫ নম্বর সেক্টরের অংশে আমরা বাজার বসতে দিইনি। বাজার বসেছে ৩ নম্বর সেক্টরের অংশে।’ তবে বাজারের দোকানদারদের কাছে অনুমতির বিষয়টি জানতে চাওয়া হলে তাঁরা ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতি এবং উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের নেতাদের অনুমতি নিয়েছেন বলে জানান।