উচ্ছেদ করা দলিত পরিবারগুলোকে পুনর্বাসনের দাবি
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে রবিদাস পল্লির ১৩টি দলিত পরিবারকে উচ্ছেদের প্রতিবাদ ও তাঁদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচি পালন করা হয়। উচ্ছেদ হওয়া ১৩টি পরিবারের সদস্য ও বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এ সময় উচ্ছেদ হওয়া পরিবারের সদস্য সুকুমার রবিদাস, মানবাধিকার কমিশন ফরিদপুর শাখার সাধারণ সম্পাদক এম এ আজিজ, ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক মুন্শী মোহাম্মদ আলী প্রমুখ বক্তৃতা করেন। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সভাপতি মুকুল সিকদার গত শুক্রবার রবিদাস পল্লি পরিদর্শন করে এ উচ্ছেদের ঘটনার তীব্র নিন্দা জানান। ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী উচ্ছেদ হওয়া এই পরিবারের সদস্যদের খাদ্যসামগ্রী কেনার জন্য গত বৃহস্পতিবার ১৪ হাজার টাকা দিয়েছেন। এ ছাড়া সরকারি বা বেসরকারি কোনো সংস্থা তাদের সহায়তা করার জন্য এগিয়ে আসেনি। এদিকে জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, উচ্ছেদ হওয়া দলিত ১৩টি পরিবারের আশ্রয়ের জন্য জমি খুঁজে বের করতে উপজেলা ভূমি কর্মকর্তাকে বলা হয়েছে।