রাজধানীর বিভিন্ন জায়গা থেকে উচ্ছেদ করা হকারদের কর্মসংস্থানের জন্য বিদেশে পাঠানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আজ বুধবার সংসদে সরকারি দলের ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, হকারদের পুনর্বাসনের জন্য তাঁদের আবেদন পাওয়া সাপেক্ষে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে শ্রমিক হিসেবে বিদেশে পাঠানোর বিষয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে মাঠপর্যায়ে জরিপ করে গুলিস্তান ও মতিঝিল এলাকায় ২ হাজার ৫০২ জন হকারের তালিকা তৈরি করা হয়েছে। বর্তমানে এটি হালনাগাদের কাজ চলছে।
মোশাররফ হোসেন আরও বলেন, অংশীজনদের (স্টেকহোল্ডার) নিয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের আলোকে পরীক্ষামূলকভাবে গুলিস্তান, মতিঝিল, দিলকুশা, ঢাকা রেসিডেনসিয়াল কলেজ ও মিরপুরে হলিডে মার্কেট করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া গুলিস্তান ও মতিঝিল এলাকার তালিকাভুক্ত হকারদের ছাতা ও ভ্যানগাড়ি সরবরাহ করার কাজ চলছে।
সরকারি দলের মমতাজ বেগম প্রশ্ন করতে গিয়ে বলেন, মাত্র ১০ মিলিমিটার বৃষ্টিতে রাজধানীর রাস্তা তলিয়ে যায়। জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, কথাটি পুরোপুরি সত্য নয়। ১০ মিলিমিটার বৃষ্টি ৩০ মিনিটের কম সময় হলে সাময়িক জলজট হতে পারে।
জাহানারা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে ৮৭ শতাংশ মানুষ সুপেয় পানির সুবিধার আওতাভুক্ত। ৯৯ শতাংশ মানুষ মৌলিক স্যানিটেশনের অন্তর্ভুক্ত। এর মধ্যে ৬১ শতাংশ মানুষ উন্নত ল্যাট্রিন, ২৮ শতাংশ যৌথ ল্যাট্রিন এবং ১০ শতাংশ মানুষ অনুন্নত ল্যাট্রিন ব্যবহার করে।
মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, দেশের প্রতি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।
আজকের অধিবেশন শুরুর আগে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।