উচ্ছেদ করেন এসপি, বসান ওসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড ও সেখানকার ফুটওভারব্রিজের ওপর দুই শতাধিক অবৈধ দোকানপাট রয়েছে। পুলিশ সুপারের (এসপি) নির্দেশে বেশ কয়েকবার ওই সব দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। কিন্তু প্রতিবারই টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টাকা নিয়ে অবৈধ দোকানপাট বসিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বেশ কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা জানান, গত ফেব্রুয়ারি মাসে পুলিশ সুপার আবদুল বাতেনের নির্দেশে টঙ্গীতে মহাসড়কের পাশে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এরপর আবারও দোকান বসানো হয়। পবিত্র রমজান শুরু হওয়ার দুই দিন আগে পুলিশ সুপার আবদুল বাতেনের নির্দেশে টঙ্গীর স্টেশন রোড, ফুটওভারব্রিজের ওপর থেকে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এসব দোকানের জন্য যানবাহন ও লোকজনের চলাচলে বিঘ্ন ঘটছিল। ওই ঘটনার কিছুদিন পর টঙ্গী মডেল থানার ওসি কাজী ইসমাইল হোসেন প্রতিটি দোকান থেকে পাঁচ থেকে ১৫ হাজার টাকা নিয়ে আবার দোকান বসিয়ে দেন।
এ ছাড়া টঙ্গী থানা রোডে ৫০-৬০টি ফলের দোকান রয়েছে। প্রতিটি দোকান থেকে ওসি তাঁর নিয়োগ করা লোক দিয়ে প্রতি মাসে এক হাজার টাকা করে তোলেন।
এসব বিষয়ে গতকাল পুলিশ সুপারের কাছে অভিযোগ এলে তিনি তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়কে অবৈধ দোকান উচ্ছেদের নির্দেশ দেন। পরে ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাখাওয়াত হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিউলি রহমানের উপস্থিতিতে সব অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল দিনভর টঙ্গীর স্টেশন রোড থেকে আবদুল্লাহপুর ব্রিজের আগ পর্যন্ত প্রায় দুই শ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। টঙ্গী ব্রিজ ও বাজারের পাশের দুটি দোকানের মালিক ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ অমান্য করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের ১২ হাজার টাকা জরিমানা করেন।
স্টেশন রোডের ফুটওভারব্রিজের ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, ‘সাত-আট বছর ধরে ব্রিজের ওপর ব্যবসা করছি। রোজার আগে উচ্ছেদ করার পর টঙ্গী থানার ওসিকে প্রতিটি দোকান থেকে পাঁচ থেকে ১৫ হাজার করে টাকা দেওয়া হয়। এখন উঠিয়ে দেওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হলো।’
অপর এক ফল ব্যবসায়ী মফিজুল ইসলাম বলেন, ‘প্রতিদিন পুলিশকে টাকা দিতে হয়। নইলে এক দিনও দোকান করা যায় না।’
ওসি ইসমাইল হোসেন টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার বলে বলেন, ‘ওরা গরিব লোক। এখানে না বসলে কোথায় ব্যবসা করবে। ওরা কি না খেয়ে মরবে?’
পুলিশ সুপার আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘কোনো অবস্থাতেই সড়ক-মহাসড়কে অবৈধ দোকান বসতে দেওয়া হবে না। ওসি দোকান বসিয়ে থাকলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’