চট্টগ্রাম সিটি করপোরেশনের এক কাউন্সিলরের সমর্থকেরা গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ কার্যক্রমে বাধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
করপোরেশন সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত গতকাল সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের টেকবাজার এলাকায় টেকবাজার খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেন। অভিযানের নেতৃত্বে ছিলেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।
নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম আওয়ামী লীগের সমর্থক এক ব্যক্তির ঘর অবৈধভাবে উচ্ছেদ করতে চাপ প্রয়োগ করেন। কিন্তু আমি রাজি হইনি। তখন মাহবুবুল আলম তাঁর সমর্থকদের লেলিয়ে দেন। বাধ্য হয়ে উচ্ছেদ কার্যক্রম বন্ধ করে আমাদের চলে আসতে হয়।’ তিনি বলেন, বাধা দেওয়ার বিষয়টি করপোরেশনের মেয়র মন্জুর আলমকে জানানো হয়েছে৷
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন জানান, কার্যক্রম বন্ধ করার আগে খালের ওপর অবৈধভাবে নির্মিত অন্তত ১৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়৷
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘অবৈধভাবে নির্মাণ করার পরও ম্যাজিস্ট্রেট একটি ঘর উচ্ছেদ করেননি। তখন স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন।’ তিনি
বলেন, ‘আমার লোকজন ম্যাজিস্ট্রেটকে উচ্ছেদ অভিযানে সহায়তা করেছেন।’