উচ্ছেদ ঠেকাতে সাইনবোর্ডে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে অবৈধ স্থাপনার ধ্বংসস্তূপের মাঝখানে অক্ষত একটি স্থাপনা। সাইনবোর্ডে লেখা, ‘রূপনগর মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লি. প্রধান কার্যালয়’। গতকাল শনিবার সকালে পল্লবীর রূপনগর এলাকার এই স্থাপনাটি ভাঙতে গেলে বাধার মুখে পড়ে ওয়াসার খাল উদ্ধারের অভিযানকারী দল। ১২ নভেম্বর থেকে রূপনগর খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল বুলডোজার দেখামাত্র সকাল থেকেই স্থাপনাটির বাইরে ও ভেতরে চেয়ার নিয়ে বসে পড়েন ওই সমবায় সমিতির কর্মকর্তারা। সাইনবোর্ডের সঙ্গে টাঙিয়ে দেন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি। পরে তাঁদের সরে যাওয়ার সময় দিয়ে অভিযানকারী দল আরামবাগের দিকে গিয়ে খাল উদ্ধার অভিযান চালায়। এ সময় বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ওয়াসিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযোদ্ধা দাবি করায় ১৪ নভেম্বর মালামাল সরিয়ে নিতে তাঁদের তিন দিনের সময় দেওয়া হয়েছিল। কিন্তু আজ সকালে এসে দেখা গেল, তাঁরা অবস্থান নিয়েছেন। বারবার বলা হলেও সরেননি। এখন তাঁরা সরুন বা না-সরুন স্থাপনাটি ভেঙে ফেলা হবে।’ সমিতির কর্মকর্তারা দাবি করেন, তাঁদের স্থাপনাটি খালের সীমানার বাইরে। তাঁরা বলেন, ‘ভেঙে দিলে দিক। আমরা ভেতরেই থাকব।’গতকাল বিকেল পাঁচটার দিকে ফোনে যোগাযোগ করা হলে অভিযানকারী দলের একজন প্রথম আলোকে বলেন, স্থাপনাটি কাল (আজ রোববার) ভাঙা হবে। এদিকে আরামবাগে উদ্ধার অভিযান চালানোর সময় আদালতের কাগজপত্র হাতে নিয়ে উপস্থিত হন শেখ নাসির উদ্দিন নামের এক ব্যক্তি। তিনি সাংবাদিকদের বলেন, ২০০৮ সালে বস্তিবাসীদের পক্ষে মহিলা আইনজীবী সমিতির করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত পুনর্বাসন না করে খালের সীমানার বাইরে থাকা বস্তিবাসীদের উচ্ছেদ করার ওপর নিষেধাজ্ঞা দেন। যোগাযোগ করা হলে ওই মামলার আইনজীবী সীমা জহুর প্রথম আলোকে বলেন, মামলাটি এখনো নিষ্পত্তি না হওয়ায় নিষেধাজ্ঞা বলবৎ আছে।এ বিষয়ে জানতে চাইলে ওয়াসার নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, খালের বাইরে নয়, সীমানা থেকেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। তিনি বলেন, গতকালের অভিযানে মোট ৫০টি আধাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান পুরোপুরি শেষ হতে আরও এক সপ্তাহ সময় লাগবে। রূপনগর খালের ওপর পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। এ পর্যন্ত প্রায় সাড়ে চার শ উচ্ছেদ করা হয়েছে।