উচ্ছেদ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আয়োজিত সেমিনারে মংলা-ঘষিয়াখালী নৌপথ খনন প্রকল্পের শতভাগ সাফল্য পেতে নৌপথের সঙ্গে যুক্ত খালের অবৈধ বাঁধ অপসারণ ও চিংড়িঘের উচ্ছেদের দাবি জানানো হয়েছে। পুরানা পল্টনের মুক্তি ভবনে গতকাল শুক্রবার ‘জাতীয় অর্থনীতিতে মংলা-ঘষিয়াখালী নৌপথের গুরুত্ব’ শীর্ষক সেমিনারে তাঁরা এ দাবি জানান। নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি এ সেমিনারের আয়োজন করে। সেমিনারের আলোচকেরা বলেন, সুন্দরবন ও এর প্রাণবৈচিত্র্য রক্ষা এবং মংলা সমুদ্রবন্দরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য স্থানে পণ্য পরিবহনের জন্য মংলা-ঘষিয়াখালী নৌপথ চালু করা অপরিহার্য। এ ক্ষেত্রে বাধা হচ্ছে দুই শতাধিক অবৈধ বাঁধ, সহস্রাধিক চিংড়িঘের ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অপরিকল্পিত স্লুইসগেট। তাই এ নৌপথ খননে সফলতা পেতে হলে এগুলো উচ্ছেদ করতে হবে।