আবাসিক এলাকা থেকে হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ না করে সংরক্ষণের দাবি জানিয়েছে ফেডারেশন অব হোটেল, গেস্টহাউস অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন। গতকাল রোববার গুলশানের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, উচ্ছেদসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে আলোচনা করেনি। এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ব্যবসায়ীরা বলেন, তাঁরা আইনের আশ্রয় নিচ্ছেন। অধিকাংশ প্রতিষ্ঠান উচ্ছেদ বন্ধে হাইকোর্টে রিট করেছে এবং ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠান স্থগিতাদেশ পেয়েছে।
এদিকে আবাসিক এলাকা থেকে অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান অপসারণে গতকাল রোববার থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান শুরুর কথা থাকলেও তা হয়নি। আজ সোমবার থেকে ছুটির দিন বাদে ২১ দিনের উচ্ছেদ অভিযান পরিচালনা করবে রাজউক।
গতকাল সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় হামলার পরিপ্রেক্ষিতে এই সংগঠনভুক্ত অধিকাংশ প্রতিষ্ঠান ইতিমধ্যে সিকিউরিটি আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, সিসিটিভি স্থাপনসহ বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। উন্নত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে সরকারের সহযোগী হিসেবে এসব প্রতিষ্ঠান দায়িত্ব পালন করছে। এর ফলে নিরাপত্তার কারণে বাণিজ্যিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলো উচ্ছেদ নয়, বরং সংরক্ষণই যৌক্তিক ও সঠিক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের উপদেষ্টা এম এইচ রহমান। লিখিত বক্তব্যে বলা হয়, অভিজাত আবাসিক এলাকায় বাস্তব প্রয়োজনের তাগিদে গড়ে ওঠা হোটেল-রেস্টুরেন্ট উচ্ছেদ পর্যটনশিল্প উন্নয়ন এবং বিদেশি ক্রেতা ও পর্যটকদের আস্থা অর্জনের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে। চলতি বছরকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। এ অবস্থায় সাশ্রয়ী খরচের হোটেল ও গেস্টহাউস উচ্ছেদের তোড়জোড় ঘোষিত নীতির পরিপন্থী।
সংবাদ সম্মেলনে বলা হয়, অভিজাত এলাকার সাশ্রয়ী খরচের হোটেল ও উন্নত মানের গেস্টহাউসগুলোতে প্রতি রাতে কমপক্ষে তিন হাজার বিদেশি অবস্থান করেন। রাষ্ট্রের মালিকানাধীন হাতে গোনা কয়েকটি হোটেল ও বাণিজ্যিক এলাকার কয়েকটি হোটেলকক্ষে এসব অতিথিকে সেবা দেওয়া সম্ভব না। গার্মেন্টস খাতে কাজ করতে যেসব বিদেশি আসেন, তাঁরা পাঁচ তারকা হোটেলের পরিবর্তে এসব সাশ্রয়ী হোটেলে থাকতে পছন্দ করেন।
গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরার মতো অভিজাত আবাসিক এলাকায় কতগুলো অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে? এমন প্রশ্নের জবাবে সংগঠনের সভাপতি শাহ আলম বলেন, এসব এলাকায় কোনো হোটেল, গেস্টহাউস অবৈধ নেই। সরকারের জ্ঞাতসারেই এসব বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়েছে। প্রতিষ্ঠানগুলো থেকে সরকার মূল্য সংযোজন কর (ভ্যাট) পাচ্ছে। বাণিজ্যিক হারে গ্যাস, বিদ্যুৎ, পানির বিল ও অন্যান্য শুল্ক আদায় করছে। এর মাধ্যমে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে স্বীকার করা হচ্ছে যে এগুলো বৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান।
সংবাদ সম্মেলন থেকে হোটেল, গেস্টহাউস ও রেস্তোরাঁ ব্যবসায় যে ধস নেমেছে এবং প্রতিষ্ঠানের মালিকদের মধ্যে আতঙ্ক ও হতাশা দেখা দিয়েছে, তা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচনার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
সম্প্রতি উত্তরা এলাকার ২১৫টি, গুলশান-বনানী-বারিধারা এলাকার ৫৫২টি এবং ধানমন্ডি এলাকার ১৭৩টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের তালিকা করেছে রাজউক। এরপর বিভিন্ন জাতীয় দৈনিকে একাধিকবার এসব অবৈধ প্রতিষ্ঠান সরিয়ে ফেলার বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেসব প্রতিষ্ঠান এখনো চালু রয়েছে সেসব প্রতিষ্ঠান উচ্ছেদসহ একেবারে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে রাজউক সূত্রে জানা গেছে। অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান অপসারণে অভিযান শুরু হচ্ছে আজ। প্রথম ধাপে উত্তরা, গুলশান ও ধানমন্ডি এলাকার অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান অপসারণ করা হবে।