উচ্ছেদ না হলে আদালত অবমাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিঝিল এজিবি কলোনিতে সড়ক দখল করে তৈরি করা হয়েছে এই দোকানগুলো। আদালত ইতিমধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদে​র নির্দেশ দিলেও এখনো বহাল তবিয়তে আছে এগুলো l প্রথম আলো
মতিঝিল এজিবি কলোনিতে সড়ক দখল করে তৈরি করা হয়েছে এই দোকানগুলো। আদালত ইতিমধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদে​র নির্দেশ দিলেও এখনো বহাল তবিয়তে আছে এগুলো l প্রথম আলো

হাইকোর্টের নির্দেশনা মেনে মতিঝিলে সড়ক দখল করে তৈরি করা দোকানঘর উচ্ছেদ করা না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে সতর্কতার নোটিশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী রেদওয়ান আহমেদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, প্রধান নির্বাহী কর্মকর্তা খান মুহাম্মদ বিলাল ও সম্পত্তি কর্মকর্তা খালেদ মাহমুদকে ২৪ ঘণ্টার সময় দিয়ে এ নোটিশ দেওয়া হয়েছে। যদি তাঁরা নির্ধারিত এ সময়ের মধ্যে আদালতের নির্দেশ পালন না করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে।
মতিঝিলের এজিবি কলোনি এলাকায় সড়ক দখল করে নির্মাণ করা ২০০ দোকানঘর ৪৮ ঘণ্টার মধ্যে উচ্ছেদের জন্য গত ১৩ এপ্রিল নির্দেশ দেন আদালত। একই সঙ্গে আদালত আর কোনো স্থাপনা নির্মাণ না করতে তিন মাসের নিষেধাজ্ঞা দেন। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ আহমদ। সঙ্গে ছিলেন রেদওয়ান আহমেদ।
রেদওয়ান আহমেদ বলেন, ১৯ এপ্রিল এই আদেশের অনুলিপি আদালত থেকে বের হয়। পরে আদেশের অনুলিপি সিটি করপোরেশনের মেয়র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। অথচ আজ (গতকাল) পর্যন্ত এই আদেশ পালন করা হয়নি।
২০ মার্চ প্রথম আলোতে ‘সড়ক দখল করে ২০০ দোকান’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, সড়ক দখল করে গড়ে তোলা মতিঝিল এজিবি কলোনির কাঁচাবাজারটিকে ‘অবৈধ’ বলে গত ১৪ মার্চ উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কিন্তু উচ্ছেদের দুই দিনের মাথায় একই স্থানে আবার শুরু হয় দোকানঘর নির্মাণ। রীতিমতো ইটের দেয়াল তুলে পাকা দোকান করা হচ্ছে।
কলোনির কয়েকজন বাসিন্দা ও দোকানি জানিয়েছেন, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের নামে বরাদ্দ নেওয়ার কথা বলা হলেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে বেছে বেছে দোকান বরাদ্দ দিচ্ছেন আওয়ামী লীগের একাধিক স্থানীয় নেতা। তবে তাঁরা ওই নেতাদের নাম বলতে রাজি হননি।
ডিএসসিসির রাজস্ব ও সম্পত্তি বিভাগ থেকে বলা হয়েছে, এজিবি কলোনি কাঁচাবাজারে দোকান করার জন্য মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র নামের একটি সংগঠনকে বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ এজিবি কলোনিবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯৯৪ সাল থেকে সব সরকারের আমলেই দফায় দফায় উচ্ছেদ করা হয়েছে অবৈধ এই কাঁচাবাজার।