উচ্ছেদ নোটিশের প্রতিবাদে ট্রেন অবরোধ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকা থেকে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের উচ্ছেদ নোটিশের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার কয়েক হাজার বাস্তুহারা মানুষ ট্রেন অবরোধ করেন।
বেলা ১১টার দিকে সান্তাহার শহরের বিভিন্ন বস্তি থেকে দু-তিন হাজার মানুষ মিছিল করে সান্তাহার জংশন স্টেশনে আসেন। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী ৭৫৮ নম্বর আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছালে বিক্ষোভকারীরা ওই ট্রেন অবরোধ করেন। তাঁরা প্রায় ৩০ মিনিট ট্রেনটি আটকে রাখেন। পরে আদমদীঘি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন। এ পর্যায়ে তাঁরা অবরোধ তুলে নেন।
সান্তাহার জংশন স্টেশনের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশল দপ্তর সূত্র জানায়, শহরের রেলওয়ের ইয়ার্ড কলোনি, ড্রাইভার কলোনি, সাহেবপাড়া, লোকো কলোনিসহ বিভিন্ন কলোনিতে রেলওয়ের প্রায় ৮০০ বাসা রয়েছে। এর প্রায় ৭০০ বাসায় অবৈধ দখলদারেরা বসবাস করেছেন।