উচ্ছেদ নোটিশের ২৮ দিন পার, ব্যবস্থা নেয়নি সওজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দিনের মধ্যে সাভারের হেমায়েতপুর থেকে নবীনগর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দিয়েছিল সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) কর্তৃপক্ষ। এর ২৮ দিন পার হয়েছে। কিন্তু গতকাল বুধবার পর্যন্ত এসব স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা নেয়নি সওজ।
গত বছরের ১০ ডিসেম্বর প্রথম আলোয় সাভারের গেন্ডা ও বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে ফুটপাতসহ সওজের জমি দখল করে অবৈধ স্থাপনা এবং দোকান বসিয়ে চাঁদা আদায়-সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয়। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সওজের পক্ষ থেকে ৩১ ডিসেম্বর দখলদারদের নোটিশ দেওয়া হয়। নোটিশে সাত দিনের মধ্যে গেন্ডা ও বাসস্ট্যান্ড এলাকাসহ হেমায়েতপুর থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের সব অবৈধ স্থাপনা অপসারণের অনুরোধ জানানো হয়। কিন্তু এত দিনেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গতকাল গেন্ডা ও সাভার বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, এসব বাজার নিয়ন্ত্রণ করেন বাংলাদেশ হকার্স লীগ, সাভার পৌর যুবলীগের একজন সাবেক নেতাসহ স্থানীয় কয়েকজন প্রভাবশালী।
দুই বছরেরও বেশি সময় ধরে গেন্ডা এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণ করে চায়ের দোকান করছেন সাজেদুল ইসলাম। তিনি বলেন, এ জন্য প্রতিদিন তাঁকে ২০০ টাকা চাঁদা দিতে হয়। তিনি বলেন, স্থাপনা সরিয়ে নিতে সাত দিনের সময় দিয়ে মাস খানেক আগে সওজের পক্ষ থেকে তাঁকেসহ ওই এলাকার সব অবৈধ দখলদারকে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তাঁদের কাছ থেকে যাঁরা চাঁদা নেন, তাঁরা ভরসা দেওয়ায় কেউ অবৈধ স্থাপনা অপসারণ করেননি।
প্রায় একই রকম কথা বললেন বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ীরা। তাঁদের অবৈধ স্থাপনা অপসারণ করতে হবে না বলে ভরসা দিয়েছেন বাংলাদেশ হকার্স লীগের নেতারা।
বাংলাদেশ হকার্স লীগ সাভার পৌর শাখার সভাপতি বিল্লাল হোসেন বলেন, সওজের পক্ষ থেকে উচ্ছেদের নোটিশ পাওয়া গেছে। এ ব্যাপারে নেতারা সিদ্ধান্ত নেবেন।
উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্যা বলেন, সওজের আবেদনের পরিপ্রেক্ষিতে হাকিম নিয়োগ করা হয়েছে। তারা যেদিন বলবে, সেদিনই উচ্ছেদ অভিযান চালানো হবে।
সওজ বিভাগের কল্যাণপুর উপবিভাগীয় প্রকৌশলী মো. সামসুজ্জোহা বলেন, সাত দিনের সময় দিয়ে স্থাপনা অপসারণে অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ে তাঁরা অবৈধ স্থাপনা অপসারণ না করায় উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু যন্ত্রের অভাবে উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না।