উচ্ছেদ নোটিশ পেয়ে দিশেহারা হরিজনেরা
দেয়াল ঘেঁষে কয়েকটি টিনের ছাপরা। এর মধ্যে বাস করে পাঁচটি পরিবারের ২১ জন সদস্য। ছোট্ট একটি মন্দির আছে। সেখানে চলে প্রাত্যহিক পূজা অর্চনা। চতুর্দিকে স্কুলের সীমানাপ্রাচীর থাকায় তাদের যাতায়াত করতে হয় মই দিয়ে। মই বেয়ে সীমানাপ্রাচীরের ওপর উঠে শৌচাগারের পাশ দিয়ে যাওয়া-আসা করতে হয় তাদের।ফরিদপুরে এমনই এক মানবেতর পরিবেশে বাস করে হরিজন সম্প্র্রদায়ের পরিবারগুলো। পাঁচটি পরিবার পাঁচ ভাইবোনের। জিলা স্কুলের ঝাড়ুদারের চাকরি করতেন এঁদের বাবা নাট্টা জমাদার। ৬০-৬৫ বছর আগের কথা। তৎকালীন প্রধান শিক্ষক স্কুলের পশ্চিম পাশ ঘেঁষে খুপরির মতো এ জায়গাতেই থাকতে দিয়েছিলেন নাট্টাকে। তাঁর মৃত্যুর পর ছেলে শিবু জমাদার ঝাড়ুদারের চাকরি পান ওই স্কুলে।১০ অক্টোবর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মণিমোহন বিশ্বাস বিদ্যালয়ের ঝাড়ুদার শিবু জমাদারকে তাঁদের ঘরবাড়ি ভেঙে, মালামাল অন্যত্র সরিয়ে নেওয়ার নোটিশ দেন। নোটিশে সাত দিনের সময় দিয়ে বলা হয়, বিদ্যালয়ের সীমানার মধ্যে সুইপারদের ঘরবাড়ি থাকায় নানাবিধ সমস্যার কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।হঠাৎ এ আদেশ পেয়ে হতবিহ্বল হরিজন পরিবারগুলোর সদস্যরা। এত বছর ধরে স্কুলের জায়গায় তারা আছে। কোনো রকম পুনর্বাসনের ব্যবস্থা না করে সাত দিনের মধ্যে উচ্ছেদের নোটিশ পেয়ে গভীর সংকটে পড়েছে তারা।শিবু জমাদারের ভাই দুলাল জমাদার বলেন, ‘আমাদের থাকার কোনো জায়গা নেই। আলীপুর এলাকার হরিজনবান্ধব পল্লিতে খোঁজ নিয়ে জেনেছি, সেখানে তিল ধারণের জায়গা নেই। ভাড়া করে থাকব, এমন আর্থিক সংগতিও নেই। তা ছাড়া সমাজে আমরা তো অচ্ছুত। আমাদের থাকার জায়গা কে দেবে, কে-ই বা দেবে ঘর ভাড়া?’গত ২২ সেপ্টেম্বর ফরিদপুর জিলা স্কুলের ছাত্রাবাসে এক অনভিপ্রেত ঘটনার জের ধরে জিলা স্কুল ও পাশের ফরিদপুর উচ্চবিদ্যালয়ের চার ছাত্র এবং ফরিদপুর সরকারি বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে জরিমানা করাসহ স্কুল থেকে বহিষ্কার (ফোর্স-টিসি) করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জিলা স্কুলের মূল ভবনের বাইরে থাকা সুইপারদের পাঁচটি পরিবারকে উচ্ছেদের নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। ‘আমরা এ ঘটনার সঙ্গে জড়িত নই। আমাদের বাড়ি থেকে স্কুলে ঢোকার কোনো পথও নেই।’ দৃঢ় কণ্ঠে কথাগুলো বললেন শিবুর ভাবী সীমা জমাদার।উচ্ছেদের নোটিশ দেওয়ার কথা স্বীকার করে ফরিদপুর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মণিমোহন বিশ্বাস জানান, জেলা প্রশাসকের নির্দেশে সুইপারদের ঘরবাড়ি ভেঙে নিয়ে যেতে বলা হয়েছে।ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, ‘সুইপারদের মধ্যে যে স্কুলে চাকরি করে সে এবং তার পরিবার থাকুক, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু সেখানে পাঁচটি পরিবার থাকবে কেন?’ তাঁর দাবি, এরা মাদক ব্যবসাসহ অনৈতিক কাজে জড়িত।হরিজন ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রিপন জমাদার বলেন, পুনর্বাসনের ব্যবস্থা না করে পাঁচটি পরিবারকে উচ্ছেদ করা হবে চরম অমানবিক। বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানান তিনি।