উচ্ছেদ নোটিশে উদ্বিগ্ন হোটেল-গেস্টহাউসের মালিক-কর্মচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় অবস্থিত ব্যক্তিমালিকানাধীন হোটেল, গেস্টহাউস ও রেস্টুরেন্টে প্রায় এক লাখ শিক্ষিত বেকারের কর্মসংস্থান হয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ লাখ পরিবার এই শিল্পের ওপর নির্ভরশীল। বছরে প্রায় ৪০০ কোটি টাকা ভ্যাট দেওয়ার মাধ্যমে সরকারের রাজস্ব খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এই শিল্প।
ফেডারেশন অব হোটেল গেস্টহাউস অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘পর্যটনশিল্পকে বাঁচান, দেশ বাঁচবে’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়। গতকাল শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, ধানমন্ডিসহ আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম চালানো যাবে না বলে কয়েকটি হোটেল, গেস্টহাউস ও রেস্টুরেন্টকে রাজউকের পক্ষ থেকে চিঠি দেওয়া হয় গত বছরের ডিসেম্বর মাসে। চিঠিতে ওই সব কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। এসব বন্ধ করা না হলে রাজউক নিজেই উচ্ছেদ অভিযান পরিচালনা করবে বলে জানানো হয়। উচ্ছেদের নোটিশ পাওয়ার পর এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই উদ্বিগ্ন বলেও আয়োজকেরা জানান।