উচ্ছেদ বন্ধের দাবিতে রাজনগরে চা-বাগান শ্রমিকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-শ্রমিকদের ভূমি থেকে উচ্ছেদ বন্ধসহ ১০ দফা দাবিতে গতকাল সোমবার মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাথিউরা চা-বাগানে কর্মবিরতি পালিত হয়েছে। চা-শ্রমিকেরা কাজ বন্ধ রেখে মিছিল-সমাবেশ করে ১০ দিনের মধ্যে দাবি পূরণের দাবি জানিয়েছেন। জানা গেছে, চা-শ্রমিকেরা সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। এ সময় তাঁরা বিক্ষোভ মিছিল ও চা-বাগানের ২ নম্বর সেকশনে সমাবেশ করেন। চা-বাগান পঞ্চায়েত সভাপতি রামরতন রবিদাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চা-শ্রমিক নেতা রামলাল রাজভর, সীতারাম অমলিক, গীতা গোস্বামী প্রমুখ। ঘোষিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও বড় আন্দোলনের হুমকি দিয়েছেন বক্তারা।চা-শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে বাগানটিকে ‘এ’ শ্রেণীতে উন্নীতকরণ, চা-শ্রমিকের সন্তানদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেওয়া ও বহিরাগত শ্রমিক নিয়োগ বন্ধ, বাগানে আধুনিক হাসপাতাল নির্মাণ, অবাধে ছায়াবৃক্ষ নিধন বন্ধ, চা-শ্রমিকদের ঘরে ঘরে স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের ব্যবস্থা করা, প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় শ্রেণীকক্ষ বৃদ্ধি করে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করা এবং চা-শ্রমিকদের হয়রানি বন্ধ করা।