ভূমিদস্যুদের উৎপাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়নের আলেক্ষ্যং মৌজার বাদুড়ঝিরি চাকপাড়া থেকে উচ্ছেদ হওয়া লোকজন এবং উচ্ছেদ আতঙ্কে থাকা লামা উপজেলার লুলাইন ও লেমুপালং মৌজার ২৫০ ম্রো পরিবারের অবস্থা দেখার জন্য নাগরিক সমাজের একটি প্রতিনিধি বান্দরবান সফর করেছে।
গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্যের নেতৃত্বে ১৪ সদস্যের এই প্রতিনিধিদল গত শনিবার দুই দিনের সফরে বান্দরবানে আসে। প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন নূরে আলম তালুকদার, নোমান আহমঞ্চদ, রাজিব মীর, দীপায়ন খীসা প্রমুখ।
দলের সমন্বয়কারী দীপায়ন খীসা জানান, প্রতিনিধিদলের সদস্যরা গত শনিবার সরাসরি নাইক্ষ্যছড়ির দুর্গম বাইশারি চাকপাড়ায় যান। সেখানে ভূমিদস্যুদের উৎপাতে বাদুড়ঝিরি চাকপাড়া থেকে উচ্ছেদ হওয়া ১৪টি চাক পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
গত রোববার প্রতিনিধিদলের সদস্যরা জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলামের সঙ্গে বৈঠক করেন।
এ সময় প্রতিনিধিদলের প্রধান পঙ্কজ ভট্টাচার্য জেলা প্রশাসকের উদ্দেশে বলেন, প্রশাসনের দায়িত্ব হচ্ছে ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।
জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম বলেন, বাইশারি ও লুলাই-লেমুপালং এলাকা সম্পর্কে তাঁরা সচেতন আছেন।